• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যারাই অপকর্ম করছে, তাদের এসিআর নেত্রীর কাছে জমা আছে: কাদের

প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৮:২০
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৮:২০

 

আওয়ামী লীগ করে যারা ‘অপকর্ম’ করছে, তাদের হুঁশিয়ার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের নামে অপকর্ম করবেন না। যারাই অপকর্ম করছে, তাদের এসিআর কিন্তু নেত্রীর কাছে জমা আছে। শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবেন, হিসাব আছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ শেখ রাসেল’ শীর্ষক এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ‘পলিটিক্যাল রুমের’ নামে সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য করে ছাত্রলীগের ও দলের সুনাম যারা নষ্ট করেছে, তাদের তালিকা তৈরি হচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

তিনি বলেন, ‘সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, টাকা নিয়ে পলিটিক্যাল রুম- এসব যারা করে, তাদের তালিকা তৈরি হচ্ছে। তাদের খবর আছে, ক্ষমা নেই।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনের কর্মসূচির অংশ হিসাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শেখ রাসেলের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে বিশেষ অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দুর্ভিক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার পালটা জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী দিনে দুর্ভিক্ষের আশঙ্কা আছে। যে পূর্বাভাস দিয়েছে আইএমএফ ও বিশ্বব্যাংক, শেখ হাসিনা তো সেটাই বলেছেন। এখানে অন্যায় কী করেছেন? আর উনি (মির্জা ফখরুল) দেখেছেন বাংলাদেশের দুর্ভিক্ষ।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে নাকি এখন দুর্ভিক্ষ হচ্ছে। কোথাও একজন মরেছে? সোমালিয়ায় মরেছে। সোমালিয়া গিয়ে দেখুন। বাংলাদেশকে সোমালিয়া বানাবেন না। আমাদের খাদ্য আছে, তেলের একটু সংকট আছে। কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ব্রুনাই থেকেও জ্বালানির ব্যাপারে সহযোগিতার চুক্তি হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বক্তব্য দেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, আনিসুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম