শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
অতীতের মতো ভবিষ্যতেও যে কোনো সংকটে গণঅধিকার পরিষদ জাতিকে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর আল রাজি কমপ্লেক্সে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়েই গণঅধিকার পরিষদ আজকের অবস্থানে এসেছে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের দাবি এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দলটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও যেকোনো সংকটে গণঅধিকার পরিষদ জাতিকে পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে জুলাই-পরবর্তী রাজনীতিতে দলটিকে কোণঠাসা করার চেষ্টা চলছে উল্লেখ করে নুর বলেন, এসব চেষ্টা সফল হবে না।
২০২১ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার সময় ২১ দফা কর্মসূচি ঘোষণা করে। এতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধ করার মতো রাষ্ট্র সংস্কারের প্রস্তাব ছিল। দলটির নেতারা বলেন, গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা ও রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।












