বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
নায়ককে মারছে খলনায়ক। পাশে দাঁড়িয়ে নায়িকা শুধু কাঁদছে। বলছে, ‘দয়া করে ওকে মেরো না!’ এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন হুমা কুরেশি? তার উত্তর, ‘একটা চড় তো আমিও মারব!’ শুধু তাই নয়, ‘কবির সিং’-এর মতো বিতর্কিত চরিত্রে অভিনয় করতে চান তিনি। নায়কের পাশে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা নায়িকা হতে চান না।
২৫ অক্টোবর ‘টেলিগ্রাফ ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই স্পষ্ট বক্তব্য দিয়েছেন হুমা। ইন্ডিয়া ফিল্ম প্রজেক্টের ১৬তম আসরে লেখক মোহর বসুর সঙ্গে আলাপচারিতায় নারী চরিত্রের প্রচলিত ছক ভাঙার কথা বলেন অভিনেত্রী।
হুমার মতে, অভিনেতাদের এমন চরিত্র বেছে নেওয়ার স্বাধীনতা থাকা দরকার, যারা প্রচলিত নিয়ম মানে না।
নৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নেয়, কখনো কখনো অস্বস্তিকর কাজও করে। চরিত্রকে ভালো বা খারাপের সহজ হিসাব দিয়ে বিচার না করে তার ভেতরের মানুষটিকে বুঝতে চান তিনি।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথাও বলেন হুমা। অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এ অভিনয়ের প্রস্তাব পাওয়ার স্মৃতি মনে করেন তিনি।













