• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজধানীর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি

প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ১:৪৬
আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ১:৪৬

 

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অবিলম্বে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। তা না হলে গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ নেতারা। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশব্যাপী বিরোধীদলীয় ৩৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘দেশের সর্বত্র আজ চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্য বিরাজ করছে। ফায়ার সার্ভিসের ব্যর্থতার ফলে বঙ্গবাজার পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। কাছাকাছি অবস্থান সত্ত্বেও ১০ ঘণ্টায়ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ ব্যর্থতা সরকারের।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যদি রমজানের মধ্যে সব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনর্বাসিত ও ক্ষতিপূরণ দেওয়া না হয়, তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে গণভবন ঘেরাও করা হবে।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন, দেশব্যাপী বিরোধীদলীয় ৩৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে ১০ দফা দাবি বাস্তবায়নেরও জোর দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি আতিকুর রহমান ও আবজাল হোসাইন মৃধা, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম ও সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ মজুমদার, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. শাহজাহান, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফসহ জোটের অন্যান্য শীর্ষ নেতা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম