• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:৪৪
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:৪৪

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে খুব শিগগির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকরা অংশ নেন। নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের নীতিগত সহায়তা চান সম্পাদকরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।

তিনি আরও বলেন, গত আট মাসে দেশে কোনও ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। এ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে বলে তিনি মনে করেন। দলটির সাংগঠনিক তৎপরতা নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অন্যদিকে মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড করছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা রাজনৈতিক পদক্ষেপ নয়।

বৈঠকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে কোনও গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি এসব ইতিবাচক পরিবর্তনও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং তা সমুন্নত রাখার জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। গণমাধ্যম প্রতিনিধিদের কথা শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়াই এসব সভার উদ্দেশ্য।

তিনি বলেন, আমরা আপনাদের কথা শোনার জন্যই আজ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দাবি-দাওয়াগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।

তবে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকতে হবে।

দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ও প্রচার-প্রচারণা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখার কথা বলেন।

অনলাইন সংবাদমাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা নিয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদেশের কোনও ঘটনা নিয়ে অনেক সময় এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। এতে পাঠক বিভ্রান্ত হতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে সংবাদ ও শিরোনামে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করতে হবে।

বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি। আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, নিবন্ধন ছাড়াই শুধু ডোমেইন কিনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কয়েক হাজার ওয়েবসাইট নিজেদের অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালনা করছে।

সম্পাদকদের মতে, সাধারণ পাঠকের পক্ষে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করা প্রায় অসম্ভব। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই অনলাইন সংবাদমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা প্রয়োজন। সরকার নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ার বাইরে কোনও নিউজ পোর্টাল পরিচালনার সুযোগ থাকা উচিত নয়। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর মতো অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। অন্তত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার আগে কোনও পোর্টালের সংবাদ কার্যক্রম শুরু করার সুযোগ না রাখার প্রস্তাব দেন তারা।

বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিদ্যমান সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। অনলাইন এডিটরস ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বক্তব্য দেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম