শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রোহিঙ্গাসংকটের টেকসই সমাধান এবং প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে দেশের সব রাজনৈতিক দলের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সরকার সমাধানের পথে যেতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক-রোহিঙ্গা ইস্যুতে দলটি সব সময় সোচ্চার ছিল। সরকারও বিষয়টিকে বিশ্বে সময়োপযোগী রাখতে চায়। এ সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ বিবেচনায় নেওয়া হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সরকার সমাধানের পথে যেতে চায়।’
রোহিঙ্গা ইস্যুতে অতীতের কূটনৈতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংকটে মুসলিম বিশ্বকে একত্র করতে পেরেছিলেন।’
তিনি অভিযোগ করেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের মেরুদণ্ড সোজা না ছিল বলেই চীন, ভারত, মায়ানমার সরকার কিংবা আরাকান আর্মির সঙ্গে আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিতে জোর দিতে পারেনি।’
রোহিঙ্গাসংকটের স্থায়ী সমাধানের জন্য মায়ানমারের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া মায়ানমারকে দ্রুত সম্পন্ন করতে হবে।’












