• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শহীদকন্যার আত্মহত্যালামিয়ার শোকাহত পরিবারের পাশে তারেক রহমান

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৯:৩৫
আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৯:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আক্তারের শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পটুয়াখালীর দুমকিতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ রোববার বিকেলে প্রতিনিধি দলটি পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাসিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামে যায়।

এসময় লামিয়া আক্তারের পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাশাপাশি শহীদ জসিম উদ্দিনের বৃদ্ধ বাবা সোবহান হাওলাদারের (লামিয়া আক্তারের দাদা) হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আমানউল্লাহ আমান।

এদিকে, স্থানীয় স্কুল মাঠে আজ রোববার রাত পৌনে ৮টায় লামিয়া আক্তারের জানাজায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি অংশ নেন। এসময় পটুয়াখালী জেলা, দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং পটুয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তারা জানাজায় অংশ নেন। লামিয়া আক্তারের জানাজা শেষে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ তার বাবা জসিম উদ্দিনের কবর জিয়ারত করে প্রতিনিধি দলটি।

উল্লেখ্য, শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানী ঢাকায় শেখেরটেকের ৬ নম্বর রোডের ভাড়া বাসা থেকে লামিয়া আক্তারকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহীদ জসীম উদ্দিনের কন্যা তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে দুর্বৃত্তরা পিছু নেয়। হঠাৎ পেছন থেকে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির বাগানে নিয়ে যায়। একপর্যায়ে ১৭ বছরের ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত একজন গ্রেফতার হয়েছিল। এছাড়া যারা চিহ্নিত অপরাধী তারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী কিশোরী। এসব হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম