শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া মেনেই ফিরতে হবে।’
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সরকার এ-সংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের।
আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ ধরনের মামলায় আপিলের নির্ধারিত সময় পার হয়ে গেলে তা মওকুফ বা কনডোনেশনের কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ ধরনের সুযোগ রাখা হয়নি। তাঁর ভাষ্য, শেখ হাসিনার সরকারই এই আইন প্রণয়ন করেছিল।
সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ উপঅনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে মৌলিক অধিকারের দাবি জানানোর সুযোগও সীমিত করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এ ধারার উপধারা (১) অনুযায়ী, দণ্ডিত ব্যক্তি তাঁর দণ্ড ও দোষী সাব্যস্ত হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারেন। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ, খালাসের আদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। এই সময়সীমা অতিক্রম করলে আপিলের সুযোগ থাকে না। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাজে সরকার হস্তক্ষেপ করবে না। তদন্তের প্রয়োজনে তারা যখন যে ধরনের সহযোগিতা চাইবে, সরকার তা দেবে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। সরকার তাদের কাজে হস্তক্ষেপ করবে না।
সাক্ষী সুরক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, বিষয়টি সরকার পর্যালোচনা করছে।












