শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সুস্থ ও সুন্দর দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে জনসচেতনতা বাড়ানো এবং নিয়মিত রক্ত পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
বাণীতে তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা ও অন্ধত্ব দেখা দিতে পারে। এ ছাড়া স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর পরিস্থিতিও তৈরি হতে পারে।
তবে ডায়াবেটিস যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলে সারা জীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। তাই সুস্থ জীবন নিশ্চিত করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং নিজেকে সুরক্ষিত রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, নগরায়নের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রমের অভাবে দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।
তিনি বলেন, ‘আমি ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।’
রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।












