• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শ্রমিকদের শৃঙ্খলা-অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে শ্রমিক দল: শিমুল বিশ্বাস

প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:৪০
আপডেট: রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সোচ্চার থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

তিনি বলেন, ‘একটি রাষ্ট্রের অর্থনীতি, উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের সঙ্গে শ্রমিক সমাজ গভীরভাবে সম্পর্কিত। শ্রমিকরা একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু দুঃখজনকভাবে বহু ক্ষেত্রেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন, কর্মক্ষেত্রে নানা ধরনের বৈষম্য, অবিচার এবং অনিরাপদ পরিবেশের শিকার হন।’

রবিবার (৮ মার্চ) ময়মনসিংহ শহরে শাহজাহান কমিউনিটি সেন্টারের সূর্যমুখী হলে বিভাগের সব জেলা, সব ট্রেড ইউনিয়ন ও বিভাগীয় কমিটির উদ্যোগে ‘শ্রম পরিস্থিতি ও শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা শীর্ষক’ মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, ‘শ্রমিক দল সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার প্রশ্নে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ছাড়া কোনো শিল্প-কারখানা বা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না, আবার শ্রমিকদের অধিকার উপেক্ষা করেও কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘শ্রমিক দল সবসময় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে কাজ করে যাচ্ছে। আমরা চাই শ্রমিকরা যেন মর্যাদা নিয়ে কাজ করতে পারে, তাদের শ্রমের যথাযথ মূল্য পায় এবং কর্মক্ষেত্রে কোনো ধরনের শোষণ বা নির্যাতনের শিকার না হয়।’

শ্রমিকদের প্রতিও আহ্বান জানিয়ে শিমুল বিশ্বাস বলেন, ‘আপনারা যেন কর্মক্ষেত্রে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাগত সততা বজায় রাখেন। শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি হলেই কেবল শিল্পখাত এগিয়ে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিক দল দৃঢ়ভাবে বিশ্বাস করে শ্রমিকদের অধিকার রক্ষা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারবো। শ্রমিকদের স্বার্থ রক্ষা করা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব শ্রমিকদের কল্যাণ, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় শ্রমিকদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবো, ইনশাআল্লাহ।’

শ্রমিক নেতা আবু সাঈদের সভাপতিত্বে ও আব্দুস সোবাহানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্থানীয় নেতা আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, আসাদুল ইসলাম, ফজলুর রহমান নান্টু, সাজেদুল ইসলাম সায়েম, মনিরুজ্জামান মনির ও শাহ সুজন প্রমূখ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০ মার্চ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে।
পর্যায়ক্রমে দেশের সব বিভাগে সভা অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম