শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন COP31-এ অংশ নিতে সরকারি সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রাপথে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন তিনি। এ সময় তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে আনতালিয়ার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর এ আন্তর্জাতিক সফরের আনুষ্ঠানিক কার্যক্রম।
মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। পরে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ সরকারি সফরে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে COP31 সম্মেলন। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া সফরকালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।












