শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় প্রায় ৪০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় এবং অন্যগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়ে কারখানার ফটকে নোটিশও টাঙানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নির্ধারিত সময় অনুযায়ী কাজে যোগ দিতে কারখানায় আসেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বসে থাকেন। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ নতুন করে আরও ৭ থেকে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করে। ফলে শিল্পাঞ্চলের সার্বিক কর্মপরিবেশ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কারখানার ফটকে লাগানো নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ইতোমধ্যে প্রায় ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সকালে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও ৭ থেকে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তবে শ্রমিক অসন্তোষের জন্য সব কারখানার পরিস্থিতিকে দায়ী করছেন না শ্রমিক নেতারা। তাঁদের মতে, নির্দিষ্ট কয়েকটি কারখানার অভ্যন্তরীণ সমস্যার কারণেই মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, সব কারখানায় সমস্যা হয়েছে বা হচ্ছে, বিষয়টি এমন নয়। মূলত হাতে গোনা ১২ থেকে ১৪টি কারখানায় সমস্যা ছিল। এসব কারখানার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
তিনি বলেন, সংশ্লিষ্ট কারখানাগুলোতে বকেয়া বেতন, অতিরিক্ত কাজের চাপ ও অসদাচরণসহ বিভিন্ন বিষয়ে শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। পুঞ্জীভূত সেই ক্ষোভকে অস্থিতিশীল পরিস্থিতিতে রূপ দিতে বহিরাগত দুষ্কৃতকারীরা কাজে লাগিয়েছে। এখন সেই পরিস্থিতির সুযোগ নিচ্ছে মালিকপক্ষ।
বন্ধ কারখানাগুলোতে যাতে কোনো শ্রমিক ছাঁটাই করা না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি ও কারখানার অভ্যন্তরীণ সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন এই শ্রমিক নেতা।












