সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণ করেছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আলোকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা এবং অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণ করে পৃথক নির্দেশাবলি জারি করা হয়েছে। নতুন কাঠামোয় বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে একজন সৈনিকের মূল বেতন শুরু হবে ২১ হাজার ৪০০ টাকা থেকে। নৌ ও বিমানবাহিনীর সমপর্যায়ের সদস্যদের ক্ষেত্রেও একই বেতনকাঠামো প্রযোজ্য হবে।
রোববার (১৬ নভেম্বর) এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস) কর্মকর্তা, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, অনারারি কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্যসহ সমপর্যায়ের বিভিন্ন পদের বেতন ও সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র মতে, নতুন বেতন একবারে কার্যকর হচ্ছে না। সরকারি চাকরিজীবীদের মতো সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ধাপে ধাপে বর্ধিত মূল বেতন দেওয়া হবে। গেজেট অনুযায়ী, বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার ও সমপর্যায়ের সদস্যরা ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭০ শতাংশ হারে পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে তারা পূর্ণাঙ্গ নতুন মূল বেতন পাবেন।
অন্যদিকে সার্জেন্ট ও সমপর্যায়ের পদ থেকে শুরু করে রিক্রুট এবং অফিসার ক্যাডেটদের ক্ষেত্রে প্রথম ছয় মাসে নতুন মূল বেতনের ৫০ শতাংশ এবং পরবর্তী ছয় মাসে ৭৫ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে তারাও পূর্ণাঙ্গ নতুন মূল বেতন পাবেন।
নতুন নির্দেশনায় বিভিন্ন ভাতার হারেও পরিবর্তন আনা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা করা হয়েছে। সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে এ ভাতা ৫ হাজার ৫৭৫ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া কিট ভাতা ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ২০০ টাকা করা হয়েছে। ঝুঁকি ভাতা দৈনিক ১১০ টাকা থেকে বেড়ে ১২১ টাকা হয়েছে। পাহাড়ি ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ২০ শতাংশ।
নতুন কাঠামোয় কয়েকটি ভাতা যুক্ত করা হয়েছে। মেজর ও তদূর্ধ্ব কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার কর্মকর্তারা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন। প্রতিবন্ধী সন্তান থাকলে প্রতিজনের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে। তবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।
এ ছাড়া হাওর, দ্বীপ ও চর এলাকায় কর্মরত সদস্যদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা। রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সদস্যদের জন্য তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা হিসেবে মাসে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গেজেটে অবসরকালীন সুবিধার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। যারা ২০২৬ সালের ৩০ জুনের আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শেষ করে ১ জুলাই অবসরে গেছেন, তারা নতুন বেতন নির্ধারণের সুবিধা পাবেন না। তবে নির্ধারিত শতাংশ হারে তাদের পেনশন বৃদ্ধি পাবে।
নতুন কাঠামোর আওতায় আগের জেএসআইয়ের অধীনে পাওয়া বিশেষ সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে বিলুপ্ত করা হয়েছে। এ সুবিধার আওতায় পাওয়া অর্থ বকেয়া পাওনার সঙ্গে সমন্বয় করা হবে।
তবে বেতন ও অন্যান্য সুবিধার নতুন হার একসঙ্গে কার্যকর হচ্ছে না। গেজেট অনুযায়ী, নতুন ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগপর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে কার্যকর থাকা হারেই সংশ্লিষ্ট ভাতা দেওয়া হবে।












