শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সিপাহি-জনতার ঐতিহাসিক সংহতির চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক যাত্রার পথে যে ঐতিহাসিক মোড় তৈরি হয়েছিল, বর্তমান সময়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্কারে সেই চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের মিলনায়তনে আজ ১৫ নভেম্বর সকালে (নিউইয়র্ক সময় বিকাল) এই সভা অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর কোনো একক গোষ্ঠীর ঘটনা ছিল না; এটি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঐক্যের বহিঃপ্রকাশ। সেই বিপ্লবের মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র ও উৎপাদনমুখী রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল।
প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বর্তমান সরকারের উন্নয়ন ও সংস্কারের ধারা বেগবান করতে প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন জহির উদ্দিন স্বপন।
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের আইন বিষয়ক কমিটির সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির, এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সাংবিধানিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংহতি বজায় রেখে আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই এখন সময়ের প্রধান দাবি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা মুক্ত গণমাধ্যম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।
আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। পরে দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।













