শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পলাতক আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশের ইন্ধন ও উসকানিতে সারা দেশে নাশকতা এবং অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতা-কর্মীরা।
রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা দেশের ভেতর ও বাইরে থেকে গোপনে নাশকতা চালাচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে এবং বোমাবাজি করছে।
তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টসগুলোতে শ্রমিকদের ঢুকতে না দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।
দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায় মন্তব্য করে রিজভী বলেন, এটা কখনোই সফল হবে না, সম্ভবও না। নাশকতাকারীরা প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে।
শেখ হাসিনার দণ্ড প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে এলে তার দণ্ড বলবৎ ও কার্যকর হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান এমপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপিসহ দলের কয়েক হাজার নেতাকর্মী।












