শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে ঢাকা–মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।













