• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৩৮৩ জন

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:২০
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:২০

৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৩৮৩ জন
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
৪৫তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রবিবার (২৫ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগের পাশাপাশি কর্মকর্তাদের জন্য একাধিক শর্তও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকারের নির্ধারিত পদ্ধতিতে পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ ছাড়া প্রত্যেক কর্মকর্তাকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

প্রয়োজনে সরকার শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। এ সময়ে কোনো কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখার অনুপযুক্ত মনে হলে কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ না করে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করার অঙ্গীকার করে থাকলে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া নিজে বা পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ করবেন না, এ মর্মে যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।

মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তার সনদ পরবর্তী সময়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর সশরীরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদান করতে হবে। এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নিতে হবে তাদের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম