• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

হাসিনা ইস্যুতে টানাপোড়েন সত্ত্বেও ঢাকার সঙ্গে বন্ধুত্ব চায় দিল্লি

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৭
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৭

 

শীর্ষ খবর ডেস্ক
সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর স্থগিত হওয়ার মতো নানা জটিলতা থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী ভারত। রাজনৈতিক অঙ্গনে টানাপোড়েন থাকলেও এর বাইরে দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার সুসম্পর্ক অক্ষুণ্ন রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করলেও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত রাখেন।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, দুই দেশের রাজনীতি নিজস্ব গতিতে চললেও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্প্রতি তিনি ঢাকায় উপদেষ্টা জাহেদ উর রহমান ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন।

বর্তমান বাংলাদেশ প্রশাসনও ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন নদীগুলোর পানি বণ্টন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। আগামী ডিসেম্বরেই ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ইতোমধ্যে স্পষ্ট করেছে, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে। ফলে চুক্তিটি নবায়নকে ঘিরে আগামী দিনগুলোতে ঢাকা-দিল্লি আলোচনায় নতুন করে গুরুত্ব পেতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম