শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এ বছর আলিম পরীক্ষায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। অথচ প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ১৪ জন। শুধু এ বছরই নয়, গত বছরও মাদ্রাসাটির ফলাফল ছিল একই রকম। ২০২৫ সালে পরীক্ষায় অংশ নেওয়া নয় শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ছয়জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
প্রতিবছর এমন ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, শিক্ষার্থীদের এমন ফলাফলের দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিতে হবে। এ জন্য শিক্ষকদের বেতন-ভাতা বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
ফলাফলের এমন বিপর্যয়ের কারণ জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পর পরে ফোন করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, এ প্রতিষ্ঠান থেকে আগেও শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। বর্তমানে ভাইস প্রিন্সিপালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরও ফলাফলের এমন বিপর্যয় অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে আবারও চিঠি দিয়ে প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
আ/আ













