• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগের সাথে আঁতাতকারীদের স্থান বিএনপিতে হবে না: মির্জা আব্বাস

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৭:৫৩
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৭:৫৩

আ'লীগের সাথে আঁতাতকারীদের স্থান বিএনপিতে হবে না মির্জা আব্বাস
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কোনো রাজনৈতিক শক্তি না পেয়ে যারা নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাদপুরে ঢাকা-৮ সংসদীয় অঞ্চলের অন্তর্গত শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর বা শত্রুপক্ষের মিত্রদের সাথে আঁতাতকারীদের বিএনপিতে কোনো স্থান হবে না। দলের ভেতরে থেকে কেউ যদি তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা রাজনীতি করুন। কিন্তু অপকর্ম করলে বিএনপি নেতাকর্মীরা তা হাত গুটিয়ে বসে দেখবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, অনেকেই অনেক কিছু ভাবছেন। কিন্তু বিএনপি এখনো মাঠে নামে নাই। আজকে ছোট্ট পরিসরে এবং বৃষ্টির মধ্যে এই সভায় মানুষের যে বাঁধভাঙা সাড়া ও আবেগ দেখা গেছে, তা থেকে বুঝে রাখুন—ঢাকা শহরে বিএনপি মাঠে নামলে কী হবে।

ভারতের অবস্থানরত কিছু নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ফিরে আসার গুঞ্জন নিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা শুনছি নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা ইন্ডিয়া থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদেরকে আশ্রয় দিচ্ছে। সাফ কথা—বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনো আমাদের বন্ধু হতে পারে না। খুব সাবধানে কাজ করতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ গায়ের রং বদলাতে চাইলে দল তাদের কোনো ছাড় দেবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম