শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। তিন বছর পর মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কার্যকর হবে। তবে ঘোষিত মজুরিতে পুরোপুরি সন্তুষ্ট নন শ্রমিক নেতারা। তাদের দাবি ছিল অন্তত ১৮ হাজার টাকা।
এদিকে, মজুরি বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিলেও বাড়তি ব্যয় সামাল দেওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন কারখানার মালিকেরা। বিশেষ করে ছোট কারখানাগুলোর পক্ষে এই ব্যয় বহন করা কঠিন হবে বলে মনে করছেন তারা।
শ্রমিক নেতারা বলছেন, বর্তমান বাজারদরের তুলনায় ১৭ হাজার টাকা যথেষ্ট নয়। তারা মজুরি পুনর্বিবেচনা, গ্রেডগুলোর মধ্যে বেতনের সামঞ্জস্য এবং শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষার সুযোগ চান। মালিকেরা উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, অবকাঠামোগত সুবিধা এবং ব্যাংকঋণ ও রাজস্বসংক্রান্ত জটিলতা দূর করার দাবি জানিয়েছেন।
শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে তাদের চাহিদা পূরণ হবে। তবে ১৭ হাজার টাকা মজুরি মালিকদের জন্য চ্যালেঞ্জ হবে।
নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় প্রায় ১০ ঘণ্টা আলোচনার পর নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় সভা শুরু হয়। শেষ হয় দিবাগত রাত দেড়টার দিকে।
সভায় তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে পারেনি। একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়।
শেষ পর্যন্ত বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন। বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য, অর্থাৎ মালিকপক্ষের দুই প্রতিনিধি, নিরপেক্ষ সদস্য ও চেয়ারম্যান ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসেন নিম্নতম মজুরি বোর্ডের সদস্যরা / ফাইল ছবি
নতুন কাঠামোয় সবচেয়ে বেশি মজুরি বেড়েছে সিনিয়র অপারেটরদের প্রথম গ্রেডে। এই গ্রেডে ৬ হাজার ৪৬৫ টাকা বেড়ে মোট মজুরি হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। অপারেটরদের দ্বিতীয় গ্রেডে ৫ হাজার ৭২৭ টাকা বেড়ে মজুরি হয়েছে ২০ হাজার টাকা। আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। জুনিয়র অপারেটরদের তৃতীয় গ্রেডে ৫ হাজার ৬৫০ টাকা বেড়ে মজুরি দাঁড়িয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।
পুরোপুরি সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিক নেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের মতে, মজুরি বাড়লেও বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় তা যথেষ্ট নয়। তবে ঘোষিত সিদ্ধান্তের পর শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন সচল রাখার আহ্বান জানিয়েছেন তারা।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত তারা মেনে নিতে পারেননি। তাদের দাবি ছিল ১৮ হাজার টাকা। তবে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় এখন তা পরিবর্তনের সুযোগ দেখছেন না তিনি।
নাজমা আক্তার বলেন, মজুরি বোর্ডের ভোটে শ্রমিকপক্ষের পক্ষে মাত্র দুটি ভোট পড়েছে। অন্যদিকে মালিকপক্ষের দুই প্রতিনিধি, নিরপেক্ষ সদস্য ও চেয়ারম্যানসহ চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।
পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পর মজুরি সমন্বয় করা হলেও চূড়ান্ত দরকষাকষিতে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি। শ্রমিকপক্ষের প্রস্তাবিত দাবির কাছাকাছিও বোর্ড পৌঁছাতে পারেনি।
তাসলিমা আখতার, সভাপতি, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি
এখন তাদের মূল লক্ষ্য অন্যান্য গ্রেডের সঙ্গে মজুরির সামঞ্জস্য নিশ্চিত করা এবং যেসব শ্রমিকের বেতন নতুন কাঠামোয় একই পর্যায়ে নেমে এসেছে, তাদের অতিরিক্ত ২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা। পাশাপাশি হাসপাতাল, চিকিৎসা ও শিক্ষাসহ শ্রমিকদের অন্যান্য দাবিও সরকারের কাছে তুলে ধরবেন তারা।
শ্রমিকদের প্রতি তার আহ্বান, কাজে ফিরে উৎপাদন স্বাভাবিক রাখতে হবে। কারণ, তৈরি পোশাক শিল্প রপ্তানিনির্ভর। বিদেশি ক্রেতাদের কাছ থেকে অর্ডার ধরে রাখতে হলে কারখানা সচল রাখা জরুরি। শ্রমিকেরা কাজ করলে উৎপাদন হবে এবং তারা নিয়মিত মজুরি পাবেন।
মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারও নতুন মজুরিতে পুরোপুরি সন্তুষ্ট নন। তবে বোর্ডের প্রক্রিয়াগত দিকটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
বাবুল আখতার বলেন, ন্যূনতম মজুরি বোর্ডের কাঠামোতে মূলত একটি সর্বনিম্ন মানদণ্ড নির্ধারণ করা হয়। বর্তমান বাস্তবতায় এই পদ্ধতি কতটা যুক্তিসংগত, তা নিয়ে তার প্রশ্ন রয়েছে।
তবে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন কাঠামোয় কারও মজুরি কমপক্ষে ২ হাজার টাকার নিচে বাড়বে না। বরং সবারই ২ হাজার টাকা বা তার বেশি বাড়বে। কেউ এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে এবং জানুয়ারি মাসে শ্রমিকেরা বর্ধিত বেতন হাতে পাবেন।
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। তবে শ্রমিক নেতাদের দাবি ছিল ১৮ হাজার টাকা, ফলে ঘোষিত মজুরিতে পুরোপুরি সন্তুষ্ট নন তারা।
কোনো দাবি থাকলে কাজ বন্ধ না করে মালিক ও শ্রমিকপক্ষের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি। সরকারের কাছে শ্রমিকদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও দাবি রয়েছে। সেগুলো শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানান বাবুল আখতার।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারও ১৭ হাজার টাকা মজুরিতে সন্তুষ্ট নন। তিনি ঢাকা পোস্টকে বলেন, পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পর মজুরি সমন্বয় করা হলেও চূড়ান্ত দরকষাকষিতে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি। শ্রমিকপক্ষের প্রস্তাবিত দাবির কাছাকাছিও বোর্ড পৌঁছাতে পারেনি।
তবে অতীতে সরকারের হস্তক্ষেপে নির্ধারিত মজুরি পুনর্বিবেচনা ও বাড়ানোর নজির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা সরকারের কাছে নিজেদের অসন্তোষ ও মতামত তুলে ধরবেন। আশা করছেন, সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে মজুরি বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। গেজেট প্রকাশের পর নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের আপত্তি ও দাবি জানাবেন তারা।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঠিক কী হচ্ছে?
শ্রমিকদের প্রতি তার আহ্বান, কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়িয়ে কর্মস্থলে শান্ত থাকতে হবে এবং উৎপাদন সচল রাখতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালনা করবেন তারা।
বাড়তি মজুরি নিয়ে চ্যালেঞ্জে মালিকেরা
শ্রমিকদের মজুরি বৃদ্ধিকে সময়ের দাবি হিসেবে দেখছেন পোশাকশিল্পের মালিকেরা। তবে নতুন মজুরি বাস্তবায়নে গেলে উৎপাদন ব্যয় বাড়বে বলে মনে করছেন তারা। বিশেষ করে ছোট কারখানাগুলোর পক্ষে এই বাড়তি ব্যয় বহন করা কঠিন হতে পারে।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে তাদের চাহিদা পূরণ হবে। তবে ১৭ হাজার টাকা মজুরি মালিকদের জন্য চ্যালেঞ্জ হবে। অনেক ছোট কারখানার পক্ষে এই বাড়তি ব্যয় বহন করা সম্ভব হবে না।
তিনি বলেন, যেহেতু মজুরি নির্ধারণ হয়ে গেছে, তাই তা মেনে নিয়েই সামনে এগোতে হবে। পণ্যের উৎপাদন বাড়ানোর মাধ্যমে বাড়তি মজুরির ব্যয় সমন্বয় করতে হবে।
তৈরি পোশাক কারখানায় উৎপাদনকাজে ব্যস্ত শ্রমিকেরা। নতুন মজুরি বাস্তবায়নের পাশাপাশি উৎপাদন সচল রাখাও এখন বড় চ্যালেঞ্জ / ফাইল ছবি
এ জন্য সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে অবকাঠামোগত সুবিধা, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্যাংক ও রাজস্বসংক্রান্ত সমস্যার সমাধানের পাশাপাশি নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতাও দূর করতে হবে বলে মনে করেন তিনি।
বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেলও মজুরি বৃদ্ধিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন। তার মতে, জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে শ্রমিকদের বেতন বাড়া স্বাভাবিক। আজ মজুরি বেড়েছে, আজ না বাড়লেও ভবিষ্যতে বাড়ত। তাই এই বাস্তবতা মেনে নিয়েই শিল্পকে এগিয়ে যেতে হবে।
তবে মজুরি বাড়লে কারখানার উৎপাদন ব্যয় বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপ তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি। এই বাড়তি চাপ মোকাবিলায় উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তিনি।
নতুন মজুরি বাস্তবায়নে উৎপাদন ব্যয় বাড়বে বলে মনে করছেন পোশাকশিল্পের মালিকেরা। বিশেষ করে ছোট কারখানাগুলোর পক্ষে এই ব্যয় বহন কঠিন হতে পারে। বাড়তি চাপ সামলাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মহিউদ্দিন রুবেল বলেন, এ ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতা দিতে হবে। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ, বন্দরসেবা, কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসার খরচ কমানোর দিকে নজর দিতে হবে।
বিদেশি ক্রেতারা প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম খরচে, কম সময়ে ভালো মানের পণ্য চান। বাংলাদেশ যদি সেই সক্ষমতা তৈরি করতে পারে, তাহলে মজুরি বৃদ্ধির বাড়তি চাপ সামলেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
উৎপাদন সচল রাখাই এখন বড় চ্যালেঞ্জ
নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শ্রমিকদের একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। বুধবারও শ্রমিকেরা বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কারণে গাজীপুর ও সাভারে ৮৭টি কারখানা বন্ধ ছিল।
এ পরিস্থিতিতে শ্রমিকদের অসন্তোষ দূর করে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন এবং কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এখন বড় চ্যালেঞ্জ। শ্রমিকেরা চান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা। অন্যদিকে, মালিকেরা বাড়তি উৎপাদন ব্যয় সামাল দিতে সরকারের নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতা চান।
দুই পক্ষই উৎপাদন সচল রাখার কথা বলছে। তবে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকদের অন্যান্য দাবি কতটা পূরণ হয় এবং মালিকদের উৎপাদন সক্ষমতা কতটা বাড়ে, তার ওপরই তৈরি পোশাকশিল্পের আগামী দিনের পরিস্থিতি নির্ভর করবে।












