কুড়িগ্রাম প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
প্রতিটি জনপদে ছড়িয়ে দিতে সচেতনতার বার্তা মাদকমুক্ত সমাজ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাত্র চার দিনে সাইকেল চালিয়ে ৬৭৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কুড়িগ্রামের দুই তরুণ। কুড়িগ্রাম থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ এই অভিযানে তাঁদের বাহন ছিল দুটি সাইকেল, আর মূল শক্তি ছিল মাদকবিরোধী সচেতনতা তৈরির অদম্য ইচ্ছা।
এই দুই তরুণ হলেন মাহামুদুল হাসান মারুফ ও শাহাদাত আলী সৌমিক। গত ৩ নভেম্বর কুড়িগ্রাম সদর থেকে শুরু হয় তাঁদের ব্যতিক্রমী যাত্রা। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও জনপদ পেরিয়ে চার দিনের মাথায় তাঁরা পৌঁছান সমুদ্রসৈকত কুয়াকাটায়।
মারুফ কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের হরিরাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর সহযাত্রী সৌমিক কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন।
দুই তরুণের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম দিন কুড়িগ্রাম সদর থেকে চিলমারী, রৌমারী ও জামালপুর হয়ে শেরপুরে পৌঁছান তাঁরা। এদিন সাইকেল চালান ১৬৫ কিলোমিটার। দ্বিতীয় দিন শেরপুর থেকে ময়মনসিংহ ও গাজীপুর হয়ে ঢাকায় পৌঁছে অতিক্রম করেন আরও ১৭৫ কিলোমিটার।
তৃতীয় দিন ঢাকার মাওয়া হয়ে ১৩৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁদের গন্তব্য হয় মাদারীপুর। আর শেষ দিন মাদারীপুর থেকে ঝালকাঠি, বরিশাল ও পটুয়াখালী হয়ে কুয়াকাটায় পৌঁছান। শেষ দিনের পথ ছিল ১৯৭ কিলোমিটার। এভাবে চার দিনে তাঁদের মোট সাইকেলযাত্রার দূরত্ব দাঁড়ায় ৬৭৩ কিলোমিটার।
তবে এই অভিযানের বিশেষত্ব শুধু দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় নয়। যাত্রাপথের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কে পথচারীদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। মাদকের ভয়াবহতা তুলে ধরে বিতরণ করেছেন সচেতনতামূলক লিফলেট। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন।
মারুফ ও সৌমিক জানান, তাঁদের এই উদ্যোগ নিছক ভ্রমণ কিংবা শারীরিক সক্ষমতা প্রদর্শনের আয়োজন নয়। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, পরিবেশ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করা এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সচেতনতা ছড়িয়ে দেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য।
তাঁদের ভাষ্য, এই যাত্রার মাধ্যমে যদি একজন মানুষও মাদক থেকে দূরে থাকার অনুপ্রেরণা পান, কিংবা তাঁদের আহ্বানে কেউ একটি গাছ লাগাতে উৎসাহিত হন, তাহলেই তাঁদের পরিশ্রম সার্থক হবে।
দুটি সাইকেল, চার দিনের পথ আর ৬৭৩ কিলোমিটারের এই অভিযান যেন তরুণ প্রজন্মের জন্য এক ভিন্ন বার্তা—পরিবর্তনের জন্য সব সময় বড় আয়োজন কিংবা বড় পুঁজি প্রয়োজন হয় না; সদিচ্ছা ও উদ্যোগ থাকলে পথ চলতে চলতেও সমাজ বদলের আহ্বান জানানো যায়।













