শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে নিজে পায়ে হেঁটে অংশ নিয়ে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ওই দিন বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি বলেন, ৭ নভেম্বরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।
এ ছাড়া আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রতিষ্ঠার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
৭ নভেম্বরের শোভাযাত্রা সুশৃঙ্খল ও সফল করতে নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।












