• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৭:৩১
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৭:৩১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশের স্থানীয় সরকার খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)। পানি সরবরাহ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সড়ক ও সেতু নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের দ্বিপাক্ষিক আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশের বিস্তৃত স্থানীয় সরকার কাঠামো তুলে ধরে বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে এলজিইডি, ওয়াসা, সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দেশজুড়ে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে।

তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে ৫ শতাধিক উপজেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৪ হাজার ৯০০টি ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা পরিষদ রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে, চীনা সরকারের সরাসরি অর্থায়নে কিংবা এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং সড়ক ও সেতু নির্মাণ খাতে চীনের ধারাবাহিক অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিআরসিসির প্রতিনিধিদলকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের গ্রামকে শহরে রূপান্তরের রূপকল্প বাস্তবায়ন এবং সার্বিক অবকাঠামো পুনর্গঠনে প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়াসার অধীনে সুপেয় পানি সরবরাহ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, গ্রামীণ ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ এবং সেতু-কালভার্ট নির্মাণে পিপিপি মডেলে অথবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে সিআরসিসি এগিয়ে এলে স্থানীয় সরকার বিভাগ সব ধরনের সহযোগিতা করবে। উন্নয়ন কার্যক্রম সহজ করতে বর্তমান সরকার পূর্ণ সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

চীনা প্রতিনিধিদলের পক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন বলেন, বিশ্বের ১৫০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে সিআরসিসি। ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদসমৃদ্ধ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈশ্বিক ঠিকাদারি খাতে শীর্ষস্থান ধরে রেখেছে। বাংলাদেশে বর্তমানে ১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪টি প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।

তিনি জানান, কক্সবাজার রেল সংযোগ প্রকল্প, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং নদীর তীর পুনর্দখল ও অবকাঠামো নির্মাণসহ বেশ কয়েকটি বড় প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে সিআরসিসি।

দাই হেগেন আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং গ্রামীণ এলাকায় আর্সেনিকমুক্ত নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজ করতে আগ্রহী সিআরসিসি। বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলের সুষম উন্নয়নে দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ চালিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম