যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনর কারাগারে মৃত্যুর ঘটনা আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড ছিল বলে দাবি করেছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। তার ধারণা, পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এপস্টেইনকে। নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি ও ময়নাতদন্তের ছবি বিশ্লেষণ করার পর বিবিসি নিউজ নাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন অধ্যাপক মাইকেল ফ্রিম্যান।
তার এ দাবি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, ২০১৯ সালে এপস্টেইনর ময়নাতদন্ত করা চিকিৎসক তার মৃত্যুকে আত্মহত্যা বলেই সিদ্ধান্ত দিয়েছিলেন।
২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টেইনকে। যৌন পাচারের অভিযোগে বিচারাধীন ছিলেন তিনি।
সে সময় ময়নাতদন্তের দায়িত্বে থাকা নিউইয়র্কের প্রধান মেডিকেল পরীক্ষক ডা. বারবারা স্যাম্পসন বলেছিলেন, এপস্টেইনের শরীরে পাওয়া আঘাতগুলো আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত যে ধরনের আত্মরক্ষামূলক ক্ষত থাকে, সেগুলোরও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি এর আগে বলেছিলেন, এপস্টেইনর মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণের বিষয়ে তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। এ বিষয়ে নতুন করে মন্তব্য জানতে বিবিসি তার সঙ্গে যোগাযোগ করেছে।
কী বলছেন নতুন তদন্তকারী বিশেষজ্ঞ?
অধ্যাপক মাইকেল ফ্রিম্যান যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে মৃত্যুর বিভিন্ন ঘটনায় আইনজীবীদের হয়ে মৃত্যুর কারণ নির্ধারণে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাও এর মধ্যে রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে নিজের বিশ্লেষণ তুলে ধরার পর এপস্টেইনের মৃত্যুর বিষয়ে গবেষণা ও নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি প্রকাশ করেন তিনি।
তবে ফ্রিম্যান নিজে এপস্টেইনের মরদেহ দেখেননি। তার বিশ্লেষণের ভিত্তি ছিল ময়নাতদন্তের নথি ও ছবি। এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন তাকে এসব নথি সরবরাহ করেন। মার্ক দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তার ভাইকে হত্যা করা হয়েছে।
ফ্রিম্যান জানিয়েছেন, তার গবেষণা সম্পূর্ণ স্বাধীন এবং এ জন্য মার্ক এপস্টেইন তাকে কোনো অর্থ দেননি। তবে তার গবেষণা এখনো অন্য বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচিত হয়নি।
ফ্রিম্যানের দাবি, এপস্টেইনের শরীরে হামলার বেশ কিছু চিহ্ন রয়েছে। এর মধ্যে বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের মতো ক্ষত উল্লেখযোগ্য।
তার মতে, কোনো ফাঁস বা বাঁধার উপকরণ দিয়ে এপস্টেইনর গলা চেপে ধরা হয়েছিল। পরে একই উপকরণ ব্যবহার করে তাকে বিছানার ওপরের অংশের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
এপস্টেইনের গলায় ফাঁসের দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্নও দেখতে পেয়েছেন বলে দাবি করেন তিনি। ফ্রিম্যানের ভাষায়, পেছন থেকে শ্বাসরোধ করার সময় ভুক্তভোগী গলা থেকে ফাঁস সরানোর চেষ্টা করলে এ ধরনের দাগ তৈরি হতে পারে।
তিনি বলেন, ‘শরীরের আঘাতের ধরন এবং যেভাবে মরদেহ পাওয়া গেছে, তার মধ্যে মিল নেই। আমার কাছে এর একমাত্র ব্যাখ্যা হলো, এটি হত্যাকাণ্ড।’
আগের ময়নাতদন্তে যা বলা হয়েছিল
অন্যদিকে, এপস্টেইনের ময়নাতদন্ত করা চিকিৎসক যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়কে জানিয়েছিলেন, তার শরীরের আঘাতগুলো শ্বাসরোধ করে হত্যার চেয়ে ফাঁসিতে আত্মহত্যার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
চিকিৎসকের মতে, শ্বাসরোধ করে হত্যার শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত আত্মরক্ষার যেসব ক্ষত থাকে, এপস্টেইনের শরীরে সেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ফ্রিম্যান আরও প্রশ্ন তুলেছেন, কারাগারে ফাঁসিতে মৃত্যুর ঘটনায় লাশ নামানোর আগে তার ছবি তোলা উচিত ছিল। কিন্তু এ ক্ষেত্রে সে ধরনের ছবি থাকার বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, কারাগারের এক কর্মকর্তা এপস্টেইনকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পরপরই আরেক সহকর্মীকে ডাকেন। পরে তারা মরদেহ নিচে নামিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুর প্রায় এক মাস আগে এপস্টেইনকে অল্প সময়ের জন্য আত্মহত্যা পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
হত্যাকারী কে, জানেন না ফ্রিম্যান
এপস্টেইনকে হত্যা করা হয়ে থাকলে এর পেছনে কারা থাকতে পারে—এমন প্রশ্নের জবাবে ফ্রিম্যান বলেন, এ বিষয়ে তার কোনো ধারণা নেই। এটি তার গবেষণার বিষয়ও নয়।
তার দাবি, তিনি শুধু শারীরিক আলামত বিশ্লেষণ করেছেন, হত্যার পেছনে কারা থাকতে পারে তা নিয়ে কোনো মত দেননি।
নিজের বক্তব্যকে ষড়যন্ত্রতত্ত্ব বলে উড়িয়ে দেওয়ার সমালোচনার জবাবে ফ্রিম্যান বলেন, তার বিশ্লেষণ সবাই যাচাই করতে পারেন। কোথাও ভুল থাকলে তা দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।
জেফরি এপেস্টাইন কে ছিলেন?
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন কর্মকাণ্ডের প্রস্তাব দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টাইন। এ কারণে তাকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত করা হয়। তবে একটি সমঝোতার কারণে সে সময় কঠোর কারাদণ্ড থেকে রেহাই পান তিনি।
এর ১১ বছর পর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে নতুন করে মামলা হয় তার বিরুদ্ধে।
২০১৯ সালে নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সেই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ফরেনসিক বিশেষজ্ঞ মাইকেল ফ্রিম্যান। তবে তার দাবির পক্ষে এখনো স্বাধীনভাবে যাচাই করা কোনো নতুন সিদ্ধান্ত সামনে আসেনি।
সূত্র: বিবিসি













