শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সিইসি বলেন, ১১-দলীয় জোটের উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং সংঘাতের পরিবর্তে উৎসবমুখর নির্বাচনি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় কমিশন।
এদিকে উপনির্বাচনের আগের রাতে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নয়জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, তাদের স্থলে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছিল।
নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে বডি-ওর্ন ও সিসি ক্যামেরা ব্যবহার করছে নির্বাচন কমিশন। আসনটিতে মোট ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৩৯ জন। ১৮৫টি কেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণের ব্যবস্থা রয়েছে। দায়িত্ব পালন করছেন তিন হাজার ১৫২ জন কর্মকর্তা।
উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম।












