• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী সিইও, কে এই কোলেট ক্রেস

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:৪২
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:৪২

এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী সিইও, কে এই কোলেট ক্রেস
 

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং। তার স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তী সিইওর দায়িত্ব পেয়েছেন কোলেট ক্রেস। ২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেওয়ার পর থেকে তিনি কোম্পানিটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং ৩৩ বছর আগে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশের পর নতুন সিইও হিসেবে কোলেট ক্রেসের নাম ঘোষণা করে পরিচালনা পর্ষদ।

কোম্পানির নির্বাহী কিম্বারলি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদের বৈঠক হয়। এর আগে অ্যালিস হুয়াং নামের আরেক নারীর সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশিত হয়েছিল। ওই নারী চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছিল পরিচালনা পর্ষদ।

পদত্যাগ ও নতুন নিয়োগের খবর জানিয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স বলেন, ‘কোলেট এবং নেতৃত্বের দলের ওপর পরিচালনা পর্ষণের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আশা করছি, কোম্পানির কার্যক্রম, গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি এবং পণ্য উন্নয়নের পরিকল্পনা কোনো ধরনের বাধা ছাড়াই অব্যাহত থাকবে।’

নতুন দায়িত্ব পাওয়ার পর কোলেট ক্রেস জানিয়েছেন, জেনসেন হুয়াংয়ের গড়ে তোলা ‘অসাধারণ ভিত্তি’র ওপর দাঁড়িয়ে তিনি কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্তর্বর্তী সিইও হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, ‘এনভিডিয়ার শক্তির মূল উৎস সব সময়ই এর কর্মীরা। নেতৃত্বের দলের সঙ্গে মিলে গত ৩৩ বছরে জেনসেন যে অসাধারণ ভিত্তি তৈরি করেছেন, তার ওপর দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এনভিডিয়াকে দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নেতৃত্বের অবস্থানে নিয়ে আসা কাজ আমরা অব্যাহত রাখব। পাশাপাশি সামনে থাকা সুযোগগুলো কাজে লাগাব। গ্রাহক, অংশীদার, ডেভেলপার ও শেয়ারহোল্ডারদের সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য থাকবে।’

কে এই কোলেট ক্রেস

৫৯ বছর বয়সি কোলেট ক্রেস নতুন দায়িত্ব পাওয়ার আগে এনভিডিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে সেমিকন্ডাক্টর খাতের প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি। এরপর ১৩ বছরের বেশি সময় ধরে কোম্পানির আর্থিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহপ্রতিষ্ঠাতা ও সদ্য পদত্যাগ করা সিইও জেনসেন হুয়াংয়ের পর বিনিয়োগকারীদের কাছে তিনি এনভিডিয়ার অন্যতম পরিচিত মুখ।

২০১৩ সালে ক্রেসের নিয়োগের সময় তার পেশাগত অভিজ্ঞতা ও আর্থিক দক্ষতার প্রশংসা করেছিলেন হুয়াং। তিনি বলেছিলেন, ‘তিনি অসাধারণ অভিজ্ঞতা, আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা এবং শিল্প খাত সম্পর্কে গভীর জ্ঞান নিয়ে এনভিডিয়ায় যোগ দিয়েছেন।’

কোম্পানির ভিজ্যুয়াল কম্পিউটিং, মোবাইল প্রযুক্তি ও ক্লাউড কম্পিউটিং খাতে নেতৃত্ব আরও শক্তিশালী করার প্রচেষ্টায় ক্রেসকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেও বর্ণনা করেছিলেন তিনি।

আর্থিক বিষয়ে ক্রেসের শক্তিশালী শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তিনি ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে ফিন্যান্সে স্নাতক এবং সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন।

তার কর্মজীবনের বড় অংশ কেটেছে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট পরিকল্পনা, ব্যবসায়িক কার্যক্রম এবং প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে।

এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে কী করতেন

এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের কয়েকটি বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন ক্রেস। টেক্সাস ইনস্ট্রুমেন্টসে তার কর্মজীবন শুরু হয়। সেখানে বিভিন্ন আর্থিক পদে আট বছর কাজ করেন তিনি।

এরপর ১৯৯৭ সালে মাইক্রোসফটে যোগ দেন। প্রতিষ্ঠানটিতে ১৩ বছর কাজ করার সময় করপোরেট ফিন্যান্স ও পরিকল্পনা বিভাগের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

মাইক্রোসফটে তার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি ছিল সার্ভার অ্যান্ড টুলস বিভাগের প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে কাজ করা। ২০০৬ সাল থেকে চার বছর তিনি এ দায়িত্বে ছিলেন। এ সময় আর্থিক কৌশল, পরিকল্পনা, প্রতিবেদন তৈরি ও ব্যবসায়িক উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালন করেন।

২০১০ সালে সিসকো সিস্টেমসে যোগ দেন ক্রেস। সেখানে তিন বছর বিজনেস টেকনোলজি অ্যান্ড অপারেশনস ফিন্যান্স বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালে প্রকাশিত ফরচুন-এর এক প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রায় ২৫ বছর বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে আর্থিক বিভাগে কাজ করেছেন তিনি। ওই প্রকাশনাকে ক্রেস জানিয়েছিলেন, ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার সময় এটিই ছিল তার কাজ করা সবচেয়ে ছোট প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফোর্বস-এর ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী স্বনির্মিত নারীদের তালিকায় ৩২তম অবস্থানে রয়েছেন ক্রেস। সূত্র: ফার্স্টপোস্ট

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম