• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৩২
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৩২

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
 

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল নিয়ে হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাত্র ১০ দিনের ব্যবধানে আত্মহত্যা করেছেন ৯ জন। এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যা করেন আরও ১১ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও সংকলিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে আঁচল ফাউন্ডেশন।

প্রতিবেদনে বলা হয়, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যা করা ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে খুলনা বিভাগে। এ বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায় মোট ৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় একটি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক সংবাদ প্রতিবেদন ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল অর্জন করতে না পারা, পারিবারিক চাপ, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং ফলাফল নিয়ে তীব্র হতাশার মতো বিষয়গুলো কাজ করেছে।

আঁচল ফাউন্ডেশনের মতে, পরীক্ষার ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকট আরও গভীর করে তুলছে। প্রত্যাশিত ফল না পেলে অনেক শিক্ষার্থী পরিবার ও সমাজের নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ এবং পরীক্ষার ফল প্রকাশের পর তৈরি হওয়া মানসিক সংকট মোকাবিলায় প্রতিবেদনটিতে সাত দফা সুপারিশ করেছে আঁচল ফাউন্ডেশন।

সুপারিশগুলো হলো, পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করা। পরীক্ষায় অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অপমান, ভর্ৎসনা কিংবা অন্য শিক্ষার্থীর সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকতে হবে।

পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনামূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা এবং জরুরি সহায়তা ব্যবস্থা সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান এবং প্রয়োজনে অন্যের সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে।

সুপারিশে ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে আঁচল ফাউন্ডেশন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম