• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

বিচারের মুখোমুখি হতে হাসিনাকে ফিরতেই হবে

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৪০
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৪০

বিচারের মুখোমুখি হতে হাসিনাকে ফিরতেই হবে
 

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই, কেউবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। অনেক বাবা-মায়ের ঘর আজও সন্তানশূন্য। কেউ আহত স্বজনের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব, আবার কেউ প্রিয়জন হারানোর শোক বুকে নিয়ে দিন কাটাচ্ছেন। অথচ যাকে তারা নিজেদের স্বজনদের মৃত্যু ও নির্যাতনের জন্য দায়ী মনে করেন, সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে বসে এখনো বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন। গণতন্ত্রের জন্য এত মানুষের আত্মত্যাগের পরও কেন তাদের বিদেশ থেকে শেখ হাসিনার রাজনৈতিক হস্তক্ষেপ দেখতে হবে? এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর ভারতে রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন নয়; এটি বাংলাদেশের মানুষের ন্যায়বিচার, মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্ন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এ ছাড়া আহত হয়েছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘের প্রতিবেদনে তৎকালীন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডে জড়িত অংশগুলোর পরিকল্পিত দমন-পীড়নের চিত্র উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ দমনে প্রাণঘাতী সহিংসতা চালানোর একটি সরকারি নীতি ছিল। এসব ঘটনা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে কি না, তা আরও তদন্তের প্রয়োজন রয়েছে। তবে মনে রাখতে হবে, এগুলো ছিল আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধান ও তথ্য-প্রমাণের ভিত্তিতে করা পর্যবেক্ষণ; কোনো ফৌজদারি আদালতের চূড়ান্ত রায় নয়।

পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়ায় ব্যক্তিগত দায়দায়িত্ব নির্ধারণের বিষয়টি সামনে আসে। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতায় উসকানি ও মদদ দেওয়া এবং তাদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার দায়ে তাকে দোষী ঘোষণা করা হয়। এ ছাড়া ঊর্ধ্বতন নেতৃত্বের দায়বদ্ধতার নীতি বা সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির আওতায়ও তাকে দায়ী করা হয়। অনুপস্থিতিতে বিচার শেষে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনা এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। কিন্তু তার এই দাবি কোনোভাবেই ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকারকে খর্ব করতে পারে না। তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। কিন্তু এখনো তিনি ভারতেই অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বর্তমানে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের স্বৈরশাসনে ক্ষতবিক্ষত রাজনৈতিক সংস্কৃতিকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে। অন্যদিকে, বিদেশে অবস্থানরত শেখ হাসিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এ ধরনের প্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। বিশেষ করে যেসব পরিবার এখনো স্বজন হারানোর শোক বয়ে বেড়াচ্ছে এবং ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে, তাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিক উত্তরণে বিশ্বাসী সব রাজনৈতিক সংগঠনের দায়িত্ব হলো এই অগ্রযাত্রাকে সুরক্ষিত রাখা। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার জবাব দিতে হবে তথ্যভিত্তিক বক্তব্য ও আইনগত পদক্ষেপের মাধ্যমে। একই সঙ্গে সরকারের সব নীতি ও উদ্যোগের কেন্দ্রে রাখতে হবে ভুক্তভোগীদের। তবে শেখ হাসিনা যত দিন ভারতে অবস্থান করবেন, তত দিন এই উদ্বেগের সমাধান শুধু বাংলাদেশের পক্ষে করা সম্ভব নয়।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ার এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ও উপকারী ছিলেন। এ কারণে নয়াদিল্লি তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে চাইবে না। কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের একটি সিদ্ধান্ত; আর ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তাকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আলাদা।

২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা আসন্ন নির্বাচন বানচাল করতে সহিংসতায় উসকানি দিচ্ছেন। ক্রিস্টিন ফেয়ার প্রশ্ন তুলেছেন, ভারত অতীতে দালাই লামা ও অং সান সু চির মতো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সংযত থাকার বিষয়ে প্রভাবিত করতে পারলেও শেখ হাসিনার ক্ষেত্রে কেন একই ধরনের পদক্ষেপ নিতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে? তার মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিই এ পার্থক্যের কারণ হতে পারে।

বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের নিজস্ব রাজনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের উদ্বেগের সংঘাত হলে নয়াদিল্লি বাংলাদেশের স্বার্থ ও বক্তব্যকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে।

নয়াদিল্লির অবস্থানের পেছনে যে রাজনৈতিক বিবেচনাই থাকুক না কেন, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধটি আইনি ভিত্তিতেই বিবেচনা করতে হবে। কারও রাজনৈতিক পরিচয় বা অতীত পদমর্যাদা তাকে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণের বাইরে রাখতে পারে না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতা থেকে হত্যা, হত্যায় প্ররোচনা এবং এ-সম্পর্কিত বেশ কিছু অপরাধকে স্পষ্টভাবে বাদ দেওয়া হয়েছে। তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য আইনি কারণ ও সুরক্ষাব্যবস্থার বিষয়ও প্রযোজ্য থাকতে পারে।

বাংলাদেশ সরকারের উচিত ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া যে, ঢাকা সার্বভৌম সমতার ভিত্তিতে নয়াদিল্লির সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধকে ভারত যেন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, সেটিও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের আরও বলা উচিত, ভারতীয় ভূখণ্ড যেন এ দেশের অভ্যন্তরে সহিংসতায় উসকানি দেওয়া কিংবা বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত করার কাজে ব্যবহার না হয়। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের অধিকার এবং সহিংসতায় উসকানির মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখতে হবে।

ভারত যদি সত্যিই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায়, তাহলে দেশটির জনগণের গণতান্ত্রিক রায়কে সম্মান জানাতে হবে এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও সাম্প্রতিক রক্তক্ষয়ী অভিজ্ঞতার প্রতি সংবেদনশীল হতে হবে। একজন সাবেক স্বৈরশাসককে জবাবদিহির বাইরে রেখে সুরক্ষা দেওয়ার চেষ্টা দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়াবে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে ভারতের এই বাস্তবতা উপলব্ধি করা জরুরি।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে তাকে ব্যক্তিগতভাবে জবাবদিহির মুখোমুখি হতে হবে। তাকে দেশে ফিরে এসে এবং আইনের আওতায় পরবর্তী সব বৈধ বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। যে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় বাংলাদেশের মানুষ এত বড় আত্মত্যাগ করেছে, সেই প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে জরুরি।

লেখক: মুশফিকুল ফজল আনসারী

বাংলাদেশি কূটনীতিক, বিশ্লেষক ও ওয়াশিংটনভিত্তিক সাবেক সাংবাদিক।

তথ্যসূত্র: আল জাজিরা

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম