কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?
কত সম্পদের মালিক নরেন্দ্র মোদি?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও কর্মকাণ্ডের কারণে শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও তাকে নিয়ে আগ্রহ রয়েছে। তার ব্যক্তিগত জীবনযাপন থেকে শুরু করে দৈনন্দিন রুটিন—সবকিছুই অনুসারী ও সাধারণ মানুষের আলোচনায় আসে।
গত ১৭ সেপ্টেম্বর ৭৬ বছরে পা দিয়েছেন ভারতের এই প্রধানমন্ত্রী। জন্মদিনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা, ব্যক্তিগত সম্পদ, বেতন ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা।
বিশেষ করে প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) ২০২৫-২৬ অর্থবছরের সম্পদ বিবরণী সামনে আসার পর তার মোট সম্পদের পরিমাণ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মোদির ঘোষিত স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৪ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার টাকা।
অবাক করার বিষয় হলো, এত বড় সম্পদের মালিক হয়েও মোদির নামে কোনো জমি, আবাসিক বাড়ি, বাণিজ্যিক সম্পত্তি কিংবা ব্যক্তিগত গাড়ি নেই বলে সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
মোদির সম্পদের খুঁটিনাটি
প্রধানমন্ত্রীর দপ্তরের সম্পদ বিবরণী অনুযায়ী, মোদির সম্পদের বড় অংশই ব্যাংকের স্থায়ী আমানত ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি) বিনিয়োগ করা। পাশাপাশি রয়েছে চারটি স্বর্ণের আংটি।
এক নজরে তার সম্পদের হিসাব তুলে ধরা হলো—
ঘোষিত মোট সম্পদ
৪,০১,৬০,৯৯৯ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৫,৪৪,৪৬,২৬৬ টাকা।
১. স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় (এসবিআই) আমানত
গান্ধীনগরের এনএসসি শাখায় তার এফডিআর ও এমওডি হিসাবে জমা রয়েছে ৩ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ১০১ রুপি।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।
২. ব্যাংক হিসাবের স্থিতি
ব্যাংক হিসাবে জমা রয়েছে ৩ হাজার ৫৬২ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮২৯ টাকা।
৩. নগদ অর্থ
নিজের কাছে নগদ রয়েছে ৩৪ হাজার ৪২৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার ৬৭৫ টাকা।
৪. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)
এনএসসিতে বিনিয়োগ রয়েছে ১০ লাখ ২৪ হাজার ৭২৪ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৮৯ হাজার ২১৮ টাকা।
৫. স্বর্ণালংকার
মোদির কাছে রয়েছে চারটি স্বর্ণের আংটি। এগুলোর মোট ওজন প্রায় ৪৫ গ্রাম। বাজারমূল্য দেখানো হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৮৬৪ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ২২ হাজার ৮২ টাকা।
৬. অন্যান্য বিনিয়োগ
বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য সিকিউরিটিজে তার কোনো বিনিয়োগ নেই বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
৭. মোট অস্থাবর সম্পদ
ঘোষণায় মোট অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৪ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ২৬৬ টাকা।
৮. উৎসে কর কর্তন (টিডিএস)
বেতন ও ব্যাংকের এফডিআর থেকে পাওয়া সুদের ওপর উৎসে কর কর্তন দেখানো হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৩০৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৯৯ হাজার ২৪৮ টাকা।
নেই জমি, বাড়ি কিংবা ব্যক্তিগত গাড়ি
সম্পদ বিবরণীর সবচেয়ে আলোচিত দিক হলো, মোদির নামে কোনো জমি, আবাসিক বাড়ি, বাণিজ্যিক সম্পত্তি কিংবা ব্যক্তিগত গাড়ি নেই। তার সম্পদের প্রধান অংশ ব্যাংকের আমানত, সঞ্চয়পত্র ও স্বর্ণালংকারে সীমাবদ্ধ।
অর্থাৎ, তার ঘোষিত সম্পদের মধ্যে কোনো স্থাবর সম্পত্তির উল্লেখ নেই। দীর্ঘদিন দেশের সর্বোচ্চ নির্বাহী পদে দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত সম্পদের বিবরণে বাড়ি-গাড়ির মালিকানা না থাকার বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে।
বেতন ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা
প্রধানমন্ত্রী হিসেবে মোদির বেতন, সরকারি বাসভবন, নিরাপত্তা এবং অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও সাধারণ মানুষের আগ্রহের বিষয়। তবে আলোচ্য সম্পদ বিবরণীতে তার বেতনের নির্দিষ্ট অঙ্ক কিংবা এসব সুযোগ-সুবিধার আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি। তাই সম্পদের হিসাবের সঙ্গে সরকারি সুযোগ-সুবিধাকে এক করে দেখার সুযোগ নেই।













