• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কিছু চাঁদাবাজ-দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেওয়া যাবে না: ইশরাক

প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৫:৫৫
আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৫:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য দুই-একজন যে অপকর্ম করছে, তাদেরকে আমরা কোনোভাবেই দলে রাখতে পারব না।’

তিনি বলেন, ‘যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম তাদের জন্য আমরা বিতর্কিত হতে পারবো না। জনগণের বিরাগভাজন হতে পারব না। যথেষ্ট হয়েছে, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। কিছু চাঁদাবাজ-দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেওয়া যাবে না।’

রবিবার বিকালে বংশালের নর্থ সাউথ রোডের সূরিটোলা স্কুল মাঠে থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ‘৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি’ কর্মসূচিতে ৩১ দফা উপস্থাপন ও বিশ্লেষণকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠান লড়াইয়ে বিএনপির একটি সুনাম অর্জিত হয়েছে। জনগণের সহমর্মিতা সমর্থন আমাদের উপর তৈরি হয়েছে। এখন দুঃখের সাথে বলতে হবে সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়ার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠছে। এখন আমরা দেখতে পারছি সুপরিকল্পিতভাবে, সংবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, আগামীতে মেধাবৃত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে ভোট নিশ্চিত করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য, বিএনপির নেতাদের চরিত্র হরণে একটি মহল উঠে পড়ে লেগেছে।

উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের যেভাবে আচার-আচরণ হওয়া উচিত ছিল, সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের মাঝে কি দোষত্রুটি, ত্রুটি-বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্মে লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। একটা দুইটা ঘটনা ঘটতে পারে, অপকর্ম সকল দলের লোকজনই করছে, সবাই করছে। বিএনপি বড় দল, এখন আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে। যেহেতু আমাদের সামনে নির্বাচন ছাড়া বিকল্প নাই। জনগণের মনকে জয় করে আমাদের রাজনীতি করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর সদস্য হামিদুর রহমান হামিদ, রফিকুল ইসলাম রাসেল, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোহন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম