• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সাক্ষাৎকার

গণতন্ত্র, সুশাসন ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে সরকার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:৩৫

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনীতি এখন নতুন প্রত্যাশা ও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, রাজনৈতিক জবাবদিহি এবং নারীর ক্ষমতায়নের প্রশ্নগুলো নতুন করে সামনে এসেছে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পর সরকার পরিচালনার দায়িত্বে আসা বিএনপির সামনেও রয়েছে জনগণের প্রত্যাশা পূরণের কঠিন পরীক্ষা। অন্যদিকে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়লেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের প্রকৃত ক্ষমতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহমিদা হকের সঙ্গে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র সংস্কার, নারী নেতৃত্ব, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভবিষ্যৎ বাংলাদেশের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছে দৈনিক কালবেলা।

কালবেলা: দীর্ঘদিন রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে লেখালেখি ও বিশ্লেষণ করেছেন। এবার নিজেই জাতীয় সংসদের সদস্য। পর্যবেক্ষকের জায়গা থেকে নীতিনির্ধারণের জায়গায় আসার অভিজ্ঞতা কেমন?

ফাহমিদা হক: বাইরে থেকে রাষ্ট্রের নানা অসংগতি চিহ্নিত করা আর সেই অসংগতি দূর করার প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়ার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। বিশ্লেষক হিসেবে অনেক বিষয় নিয়ে কথা বলেছি, লিখেছি, সমালোচনা করেছি। এখন সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। আমি মনে করি, রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সংসদে আসা আমার কাছে শুধু একটি রাজনৈতিক পরিচয় নয়, বরং দায়িত্ব পালনের সুযোগ। বিশেষ করে নারীর অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জনগণের প্রতি রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলোতে কাজ করতে চাই।

কালবেলা: জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রত্যাশা করেছিল। সে পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি?

ফাহমিদা হক: জুলাই গণঅভ্যুত্থান আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। মানুষ শুধু ক্ষমতার পরিবর্তন চায়নি, রাষ্ট্র পরিচালনার ধরনেও পরিবর্তন চেয়েছে। বিশেষ করে তরুণরা বৈষম্য, অন্যায় এবং জবাবদিহিহীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। আমাদের বুঝতে হবে, গণতন্ত্র শুধু নির্বাচন বা সরকার পরিবর্তনের বিষয় নয়। গণতন্ত্রের প্রকৃত সাফল্য নির্ভর করে জনগণ কতটা স্বাধীনভাবে কথা বলতে পারছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতটা নিরপেক্ষভাবে কাজ করছে এবং সরকার কতটা জবাবদিহির মধ্যে থাকছে, তার ওপর। আপনারা জানেন যে, আমাদের নেতা তারেক রহমান এসব বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। তার নেতৃত্বে বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

কালবেলা: বিএনপি দীর্ঘদিন গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসনের দাবিতে আন্দোলন করেছে। এখন ক্ষমতায় এসে দলটির সামনে সবচেয়ে বড় পরীক্ষা কী বলে মনে করেন?

ফাহমিদা হক: বিরোধী দলে থেকে দাবি তোলা আর সরকারে থেকে সেই দাবি বাস্তবায়ন করা এক বিষয় নয়। জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার ও সুশাসনের প্রত্যাশা করেছে, তা বাস্তবে প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। মানুষের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি। তবে সব সমস্যার সমাধান একসঙ্গে সম্ভব নয়। অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। আইনের শাসন, প্রশাসনের জবাবদিহি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। আমি মনে করি, ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলের সাফল্য শুধু তার জনপ্রিয়তা দিয়ে বিচার করা উচিত নয়; বরং সাধারণ মানুষের জীবনে কী ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে, সেটিই হওয়া উচিত মূল বিবেচনা। দেশে দীর্ঘদিন গণতন্ত্রের অনুপস্থিতির সুযোগে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব সংকট কাটিয়ে উঠতে পারবে বলে মনে করি আমি।

কালবেলা: সংবিধান সংস্কার, জুলাই সনদ এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। এসব মতবিরোধ কি সংস্কার প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে?

ফাহমিদা হক: সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত থাকাটা অস্বাভাবিক নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন মতামত সামনে আসাই স্বাভাবিক। কিন্তু সেই মতপার্থক্য যেন রাজনৈতিক অচলাবস্থায় পরিণত না হয়, সেদিকে নজর দিতে হবে। সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। সেখানে পরিবর্তন আনতে হলে রাজনৈতিক ঐকমত্য, আইনি কাঠামো এবং জনগণের প্রত্যাশার মধ্যে সমন্বয় প্রয়োজন। আমার মনে হয়, সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে ক্ষমতার অপব্যবহারের সুযোগ সীমিত থাকবে এবং প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে। সংস্কারকে কোনো দলের জয়-পরাজয়ের বিষয় হিসেবে দেখা ঠিক হবে না।

কালবেলা: আপনি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়েছেন। কিন্তু সমালোচনা রয়েছে, এ ব্যবস্থায় নারীরা সংসদে জায়গা পেলেও স্বাধীন রাজনৈতিক ক্ষমতা বা সরাসরি জনসম্পৃক্ততার সুযোগ সীমিত থাকে।

ফাহমিদা হক: এ সমালোচনাকে একেবারে অস্বীকার করার সুযোগ নেই। সংরক্ষিত আসন নারীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। কিন্তু প্রতিনিধিত্ব আর ক্ষমতায়ন এক বিষয় নয়। সংসদে নারী সদস্যের সংখ্যা বাড়লেই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয় না। তারা কতটা স্বাধীনভাবে মতামত দিতে পারছেন, আইন প্রণয়নে কতটা ভূমিকা রাখছেন এবং নীতিনির্ধারণে তাদের মতামত কতটা গুরুত্ব পাচ্ছে, সেগুলোও দেখতে হবে। সংরক্ষিত আসনের সদস্যদের নিজেদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। দীর্ঘ মেয়াদে এমন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে একজন নারী শুধু নারী হওয়ার কারণে নয়, নিজের যোগ্যতা ও নেতৃত্বের কারণে নির্বাচিত হবেন।

কালবেলা: রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বললেও সাধারণ আসনে মনোনয়নের ক্ষেত্রে নারীরা এখনো পিছিয়ে। বিএনপিও কি এ দায় এড়াতে পারে?

ফাহমিদা হক: নারীর রাজনৈতিক অংশগ্রহণের সীমাবদ্ধতা আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির একটি সমস্যা। কোনো একটি দলের মধ্যে বিষয়টিকে সীমাবদ্ধ করলে পূর্ণ চিত্র পাওয়া যাবে না। তবে রাজনৈতিক দলগুলোরই এখানে প্রধান দায়িত্ব নিতে হবে। নারীদের শুধু দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দিলে হবে না; নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে হবে। তৃণমূল পর্যায় থেকে তাদের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংগঠনিক সহায়তা নিশ্চিত করতে হবে। নারীদের যোগ্যতা থাকা সত্ত্বেও যদি সুযোগ না দেওয়া হয়, সেটি অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

কালবেলা: আমাদের রাজনীতিতে অনেক নারী পারিবারিক পরিচয়ের কারণে সামনে আসেন। সাধারণ পরিবার থেকে উঠে আসা নারীদের জন্য রাজনীতিতে জায়গা করে নেওয়া কেন এত কঠিন?

ফাহমিদা হক: এটি আমাদের সমাজ ও রাজনীতির একটি বাস্তব সমস্যা। রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে সাংগঠনিক অভিজ্ঞতা, অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক যোগাযোগ এবং দীর্ঘদিন কাজ করার সুযোগ প্রয়োজন। অনেক মেধাবী নারী এসব সুযোগ পান না। আবার সামাজিক ও পারিবারিক বাধাও রয়েছে। রাজনৈতিক দলগুলো যদি স্থানীয় পর্যায় থেকে নতুন নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ নেয়, তাহলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আমি মনে করি, রাজনৈতিক নেতৃত্বের মূল্যায়নে পারিবারিক পরিচয়ের চেয়ে ব্যক্তির যোগ্যতা, সততা, দক্ষতা এবং জনগণের জন্য কাজ করার মানসিকতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

কালবেলা: নারীর অধিকার নিয়ে অনেক আলোচনা হলেও নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি এবং অনলাইনে নারীদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হচ্ছে না। নারী সংসদ সদস্য হিসেবে এ ক্ষেত্রে আপনার অগ্রাধিকার কী হবে?

ফাহমিদা হক: নারী নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। একজন নারী যদি ঘরে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা অনলাইনে নিরাপদ বোধ না করেন, তাহলে তার স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ সীমিত হয়ে যায়। এক্ষেত্রে আইন থাকা যেমন জরুরি, আইনের যথাযথ প্রয়োগ আরও বেশি জরুরি। নির্যাতনের শিকার নারীদের অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করতে হবে, বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সংবেদনশীলতা বাড়াতে হবে। একই সঙ্গে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়ানো প্রয়োজন। আমি মনে করি, নারীর নিরাপত্তা শুধু নারীদের বিষয় নয়; এটি মানবাধিকার ও সুশাসনের প্রশ্ন।

কালবেলা: সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে বড় উদ্বেগ দ্রব্যমূল্য, কর্মসংস্থান ও জীবনযাত্রার ব্যয়। রাজনৈতিক সংস্কারের আলোচনা কি এসব মৌলিক সমস্যাকে আড়াল করে দিচ্ছে?

ফাহমিদা হক: সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক নেই, এমন রাজনীতি দীর্ঘ মেয়াদে সফল হতে পারে না। একজন মানুষ যেমন গণতান্ত্রিক অধিকার চান, তেমনি তিনি চান তার পরিবারের জন্য খাদ্য, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়ন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক উন্নয়নকে পরস্পরবিরোধী হিসেবে দেখার সুযোগ নেই। বরং সুশাসন ও কার্যকর প্রতিষ্ঠান অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি তৈরি করে। সরকারের কাজের মূল্যায়ন শেষ পর্যন্ত মানুষের দৈনন্দিন জীবনেই প্রতিফলিত হবে।

কালবেলা: আপনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রবাহে স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সরকারের ভূমিকা কীভাবে মূল্যায়ন করবেন?

ফাহমিদা হক: একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকার এমন একটি গণমাধ্যমবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন এবং জনগণ নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করার বিষয়গুলোও সরকারের অগ্রাধিকারে রয়েছে। আমি মনে করি, স্বাধীন গণমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, বরং গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশীদার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সরকারের এসব উদ্যোগকে আরও কার্যকর করতে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।

কালবেলা: গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অতীতে অনেক বিতর্ক হয়েছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় গণমাধ্যম কি সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ পাবে?

ফাহমিদা হক: গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কার্যকর গণতন্ত্র সম্ভব নয়। সরকার কিংবা ক্ষমতাসীন দলের সমালোচনা করার অধিকার গণমাধ্যমের থাকতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, তথ্য প্রাপ্তির অধিকার এবং পেশাগত স্বাধীনতাও নিশ্চিত করা প্রয়োজন। রাষ্ট্রের ভুলত্রুটি তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। সেই সমালোচনাকে শত্রুতা হিসেবে দেখার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তবে স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতার সম্পর্কও রয়েছে। ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত প্রচার কিংবা ব্যক্তিগত চরিত্রহনন স্বাধীন সাংবাদিকতার অংশ হতে পারে না। আমি চাই, গণমাধ্যম এমন পরিবেশে কাজ করুক, যেখানে কোনো ধরনের ভয় বা অযৌক্তিক চাপ ছাড়াই সত্য প্রকাশ করা সম্ভব হবে।

কালবেলা: সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও রাজনৈতিক অপপ্রচার বড় সমস্যা হয়ে উঠেছে। এগুলো মোকাবিলার নামে আবার মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। সমাধান কোথায়?

ফাহমিদা হক: অপতথ্য মোকাবিলা করতে হবে, কিন্তু সেটি কোনোভাবেই ভিন্নমত দমনের অজুহাত হতে পারে না। এ দুটি বিষয়কে আলাদা করে দেখতে হবে। ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা অবশ্যই উদ্বেগজনক। কিন্তু কেউ সরকারের সমালোচনা করলেই সেটিকে অপপ্রচার বলা যাবে না। এক্ষেত্রে স্বচ্ছ আইন, নিরপেক্ষ তদারকি এবং তথ্য যাচাইয়ের ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি নাগরিকদের ডিজিটাল ও গণমাধ্যম সাক্ষরতা বাড়াতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই অপতথ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব।

কালবেলা: সংসদে শক্তিশালী বিরোধী দল এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ?

ফাহমিদা হক: গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে ভিন্নমত। একটি কার্যকর সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক থাকবে, প্রশ্ন থাকবে এবং সরকারের সিদ্ধান্তের সমালোচনা হবে। এটিই স্বাভাবিক। বিরোধী দলের দায়িত্ব সরকারের ভুলগুলো তুলে ধরা এবং বিকল্প নীতি প্রস্তাব করা। অন্যদিকে সরকারের দায়িত্ব সেই সমালোচনাকে গুরুত্ব দেওয়া।

কালবেলা: আগামী দিনে নিজের সংসদীয় ভূমিকার কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান?

ফাহমিদা হক: আমি চাই, সংসদে আমার উপস্থিতি যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আইন প্রণয়ন, নীতি পর্যালোচনা এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে চাই। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, তরুণদের সুযোগ সৃষ্টি এবং গণমাধ্যমের স্বাধীনতার মতো বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্য কতবার বক্তব্য দিলেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার কাজ মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলল। আমি সেই জায়গা থেকেই নিজের দায়িত্ব পালন করতে চাই।

কালবেলা: সবশেষে জানতে চাই, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান?

ফাহমিদা হক: আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, নিজের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে ন্যায়বিচার প্রত্যাশা করতে পারবে। যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বৈষম্যের শিকার হতে হবে না। নারীরা যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন, তরুণরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হবেন এবং সাধারণ মানুষ রাষ্ট্রের কাছ থেকে দায়িত্বশীল আচরণ পাবেন। আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে শেষ পর্যন্ত মানুষকেই রাখতে হবে। কারণ, রাজনীতির সার্থকতা ক্ষমতা অর্জনে নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারার মধ্যে।

কালবেলা: ধন্যবাদ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম