• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ: ৬ পুলিশ-৫ আনসার সদস্য আহত

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৫:৩৮
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৫:৩৮

 

গাজীপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
গাজীপুরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্নস্থানে বিক্ষোভ ও অবরোধ করেন তারা।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্নস্থানে অবরোধে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সকাল থেকে গাজীপুর মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, তিনসড়ক, সাইনবোর্ড, বড়বাড়ী, গাজীপুরাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। একই সঙ্গে জেলার শ্রীপুরের কয়েকটি এলাকাতেও শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালে শ্রমিকরা পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।

অন্যদিকে, মহানগরীর মালিকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া, মেম্বারবাড়ি ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায়।

অপরদিকে ওই একইদিন বিকেল ৩টার দিকে নগরীর ছয়দানা এলাকায় পৃথক দুটি পোশাক কারখানার সামনে শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের শেলের আঘাতে দুই নারী শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন প্রিটি গ্রুপের শ্রমিক শিরিনা আক্তার (২৯) এবং ম্যাট্রিক্স গার্মেন্টসের শ্রমিক শিরিনা বেগম (৪০)।

তাদের মধ্যে শিরিনা আক্তারের পেটের বাম পাশে এবং শিরিনা বেগমের মুখের ডান পাশের চোয়ালে সাউন্ড গ্রেনেডের শেলের আঘাত লাগে। রাত সাড়ে ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। মালিকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম