গুপ্ত সংগঠন বেহেশতের টিকিট বিক্রি করেছে : সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২৬, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২৬, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে। ওই সংগঠন গত নির্বাচনে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তবে এ দেশের মানুষ অনেক বুদ্ধিমান। তারা ওই ধোঁকায় পা দেয়নি। কিছু মানুষ দিয়েছিল, এখন তারা বুঝতে পারছে। নইলে ওই গুপ্ত সংগঠন এত ভোট পেত না, আসনও পেত না। তাই এখন থেকে সবাইকে সতর্ক হতে হবে। ওই গুপ্ত সংগঠনকে দেশ থেকে নির্মূল করতে হবে। আমি তারেক রহমানের পক্ষ থেকে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জসনে জুলুস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমাদের ইসলামকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য, নবীর আদর্শকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য পৃথিবীব্যাপী ইহুদিবাদী একটি সংগঠন দাঁড়িয়েছে। তারা আমাদের মধ্য থেকেই কিছু ব্যক্তিকে বেছে নিয়েছে। অর্থের বিনিময়ে তাদের দিয়ে আমাদের ঈমানহারা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা কি সেটা হতে দিতে পারি? কখনোই সেটা হতে দিতে পারি না।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে ওহাবিরা ঢুকে পড়ছে। সেই ওহাবিদের কোনো প্রকার ছলচাতুরিতে আমরা পা দেব না। আমাদের সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমরা যে ইসলাম পালন করি, তা মদিনার ইসলাম। সেই মদিনার ইসলাম বাংলাদেশে প্রচার করেছেন হযরত শাহজালালসহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির পূর্বপুরুষরা। যারা এই দেশের সুফিবাদের মাধ্যমে এ দেশের ইসলামকে পরিশুদ্ধ করেছেন, সেই ইসলামকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই।’
ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানসহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ