• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্র সংসদ নেতাদের বিয়ে করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:৩১
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:৩১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ নেতাদের বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের উদ্দেশে তিনি বলেন, শুধু বিয়ের প্রতিশ্রুতিই নয়, ভালো জায়গায় তাদের বিয়ে দেওয়ারও ব্যবস্থা করে দেবো। একইসঙ্গে ছাত্রনেতাদের চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ জামায়াত আমিরের কাছে ছাত্র সংসদ নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে দলের ভূমিকা এবং ব্যক্তিগত পরামর্শের পাশাপাশি বিয়ে নিয়ে দিকনির্দেশনা জানতে চান। এ সময় তিনি রসিকতা করে বলেন, আমাদের ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার সম্পাদক মাজহার একটু সিনিয়র হওয়াতে নিয়মিত এসে কান্নাকাটি করেন বিয়ের জন্য। এ ক্ষেত্রে আপনার পরামর্শ চাই।

তার বক্তব্যের জবাবে জামায়াত আমির উপস্থিত ছাত্রনেতাদের অগ্রিম মোবারকবাদ জানান। তিনি বলেন, তোমাদের বয়স হয়েছে, এখন বিয়ে-শাদি করবা।

এ সময় দলের প্রয়াত সাবেক আমির গোলাম আযমের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, বিয়েটা শুধু প্লেজারের জন্যে নয়, সভ্যতাকে গড়ে তোলার জন্যে। অনটাইম যদি এই কাজটা করা না হয়, তাহলে জাতি পিছিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ায় অনেক জাতি এখন হাহাকার করছে। এখন তারা ইনসেনটিভ দেয় বিয়ে করার জন্য, সন্তান নেওয়ার জন্য বাড়তি ইনসেনটিভ দেয়। কারণ তাদের গ্রোথ এখন ডেভিডেন্ড পেছনের দিকে যাচ্ছে, জনসংখ্যা সংকুচিত হয়ে আসছে।

জামায়াত আমির আরও বলেন, আলহামদুলিল্লাহ, তোমাদের এই সুযোগ যাদের আছে, আমরা তোমাদের পাশে আছি, সামনে থাকবো, বিয়ে করিয়ে দিবো কথা দিলাম। ভালো জায়গায় বিয়ে করিয়ে দিবো।

কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, তোমাদের আমরা চাকরির ব্যবস্থা করে দেবো। তবে তোমরা চাকরি করবা, আমি এটা মোটেই চাই না। আমি চাই যে, এই জগতে তোমরা লিডার হবা। তোমরা ইনোভেশন করবা। তোমরা এন্ট্রাপ্রেনিউরশিপ তোমাদের হাতে তুলে নেবা। আজকের বীজ, আগামী দিনের গাছ, পরশু দিনের ফল। এভাবেই আমরা এগিয়ে যাবো।

তিনি জানান, তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে চান তারা। আজকের তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম