ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন করার প্রতিবাদে, সংগ্রহশালার প্রবেশপথের মেঝেতে জিন্নাহ ও যুদ্ধাপরাধী গোলাম আযমের ছবি সাঁটিয়ে পদদলিত করেছ একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ডাকসু ভবনের সামনে এসে ওই কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৮-১০ জন শিক্ষার্থী ওই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে অংশ নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীবর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ বলেন, ‘বিগত দিনে শেখ মুজিবের ছবি দিয়ে রাজনীতি পরিচালনা করত। এখান শেখ মুজিবের ছবির রিপ্লেসমেন্ট হিসেবে তারা জিন্নাহ এবং গোলাম আযমের ছবি আনতে চেয়েছে। বাংলাদেশে এখন আর কোন পাকিস্তানপন্থীদের রাজনীতি সামনে আনা যাবে না।’
কর্মসূচীতে অংশ নেয়া ওয়াসিম উদ্দিন রাহাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘বাংলাদেশ ভাষার জন্য রক্ত দেওয়া সালাম, বরকতের দেশ। বাংলাদেশ ৩০ লক্ষ মানুষের রক্ত দিয়ে কেনা দেশ। সেখানে যে আমার ভাষা কেড়ে নিতে চেয়েছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান দেওয়া আমরা কখনো সহ্য করব না।’
এর আগে গত রবিবার দুপুরে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় কর্মকাণ্ড বিশেষ করে ডাকসুর কর্মকাণ্ডের স্মৃতি সংরক্ষণে ডাকসুর সংগ্রহশালার সংস্কার কাজ শেষে উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় বেশ কিছু ছবি সরিয়ে নতুন করে স্থান পায় আরও বেশ কিছু ছবি। দাবি ওঠে, অতীতে শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ছবি ছিল। কিন্তু সেসব ছবি সংস্কার শেষে নতুন করে স্থান পায়নি। তবে মুহাম্মদ আলী জিন্নাহর ছবির স্থান পাওয়ার বিষয়টি ব্যাপকভাবে সমালোচনার জন্ম দেয় পুরো দেশজুড়ে। গত সোমবার বিতর্কের মুখে জিন্নাহর ৩টি ছবি সরিয়ে তা ছিঁড়ে ফেলে উর্দু বিভাগে শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।













