শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আগামী ডিসেম্বর বিজয়ের মাস থেকেই বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, এ মাসে দুটি বা তিনটি ফ্লাইটের মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগটি চালু করা হবে। পাশাপাশি অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, নতুন এই ব্যবস্থায় কর্মীদের বিদেশ যেতে কোনো অর্থ দিতে হবে না। সব খরচ বিদেশি নিয়োগকর্তা বা তাদের প্রতিষ্ঠান বহন করবে। প্রক্রিয়াটি সহজ করতে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর কিছু সার্ভিস চার্জও বাদ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে সমান সুযোগ পায়, সে লক্ষ্যে কাজ চলছে জানিয়েছেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে একটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এছাড়া কর্মীদের বিদেশে যেকোনো সমস্যা সমাধানে সহায়তার জন্য মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে আলাদা সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
মেডিকেল পরীক্ষার ফি প্রসঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের জন্য মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিক্রুটিং এজেন্সির মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ ব্যবসাকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে। গুটিকয়েক ব্যক্তির অনিয়মের কারণে পুরো খাত যেন বিতর্কিত না হয়। ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি মানুষের কর্মসংস্থান, রেমিট্যান্স বৃদ্ধি এবং কর্মীদের বিদেশের আইনকানুন সম্পর্কে সচেতন করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলোর ভূমিকাই মুখ্য। কোনো এজেন্সির অবহেলা বা অনিয়মের কারণে যেন দরিদ্র মানুষ ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে তিনি কঠোর নজরদারির নির্দেশ দেন।
মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












