শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সংসদীয় কার্যক্রম আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের সব কার্যক্রম তিন বছরের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। এ লক্ষ্যে দরপত্র আহ্বানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রকল্পের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় এবং কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় ইউএনডিপির প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা ও কমিটির পর্যবেক্ষণের ভিত্তিতে সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে মনিটরের আকার কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণের সিদ্ধান্ত হয়। আগে দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ ছিল।
এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়নে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জকে নিয়ে গঠিত উপকমিটি প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে।
সভায় কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিনকাসেমসহ অন্য সদস্যরা অংশ নেন। এ সময় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












