নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত
দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।’
রবিবার (২২ নভেম্বর) দুপুরে দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। এর মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার ইনভয়েস ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে পাচার হয়েছে। বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা বড় বড় দুর্নীতি করেছেন, তাদের সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন এসব বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তের বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি দুদককে একটি আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।’
বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ‘ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে। এ দেশে প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউসের মাধ্যমে হয়। আর এটি হয়ে থাকে করপোরেট হাউস ও ব্যাংকের মাধ্যমে।’
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।’
কমিশনের সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের সব মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক অংশ নেন।
সভাপতির বক্তব্যে দুদক সচিব বলেন, ‘বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করেছে এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের জন্য দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এর ফলে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের পরিচালক মো. আতিকুল আলম।
এর আগে কমিশনের চেয়ারম্যান দুই কমিশনার ও সচিবকে সঙ্গে নিয়ে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।












