• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০

দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় সরকার ক্রীড়া প্রতিমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জ্বালানি সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় সরকার। এর মাধ্যমে রান্নার জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়ায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় স্থাপিত একটি বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশালে ইতোমধ্যে ৮১টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। কেউ ঋণ নিয়ে, আবার কেউ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এসব প্ল্যান্ট স্থাপন করেছেন। বায়োগ্যাসের ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি নতুন কর্মসংস্থানও তৈরি হবে।’

 

আমিনুল হক বলেন, ‘গরুর গোবরের তুলনায় হাঁস-মুরগির বিষ্ঠা থেকে বেশি গ্যাস উৎপন্ন হয়। বায়োগ্যাস দিয়ে রান্নার জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের বিষয়েও সরকার কাজ করছে। এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদে, প্রায় ৪০ বছর পর্যন্ত গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাওয়া যেতে পারে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বায়োগ্যাস দিয়ে নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত গ্যাস অন্যদের কাছে বিক্রি করেও আয় করা সম্ভব। যুবসমাজকে স্বাবলম্বী করতে সরকার প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে। দক্ষ ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগের পাশাপাশি বর্তমানে ৮৩টি প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রশিক্ষণ নিয়ে যুবক ও যুব নারীরা নিজেদের এবং পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে পারবেন। বায়োগ্যাস প্রকল্পের মাধ্যমেও তাঁদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. শহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মো. মোস্তাক উদ্দিন, সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।

অনুষ্ঠান শেষে আটজন উদ্যোক্তার মধ্যে মোট ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

পরে বিকেলে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে প্রতিমন্ত্রী আমিনুল হকের।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম