• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নাশকতার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্বদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৩০
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৩০

নাশকতার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্বদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
 

ঢাবি প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ এবং সম্ভাব্য নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৈরী আবহাওয়া ও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এসব কর্মসূচি পালন করেন সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের কয়েকশ’ নেতাকর্মী। এ সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানান ছাত্রদলের নেতারা।

বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। এর আগে সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের দিকে অগ্রসর হন তারা।

কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এবং সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন। মিছিল চলাকালে নেতাকর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শাহবাগে অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘তাদের লকডাউন মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখেন, রাস্তায় সব স্বাভাবিক চলাচল। কারও কোনোকিছু মনে হচ্ছে না। অন্যায়কারী, রক্তপাতকারী, রক্তপিপাসিনী হাসিনার লকডাউন বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও কোনও দিন সফল হবে না, ইনশাআল্লাহ।’

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা মানুষের জীবদ্দশায় যত ধরনের চরম পরিণতি দেখা লাগে, হাসিনা তার জীবনে সবকিছু ভোগ করবে এবং বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, কোন দিন হাসিনা আসবে।’

সাংবাদিকদের উদ্দেশে ছাত্রদলের এই নেতা বলেন, ‘আপনারা দয়া করে নিষিদ্ধ লীগের কোনও কর্মকাণ্ড পেট্রোনাইজ করবেন না। কারণ, কোনও একটা ঘটনা আপনারা যখন প্রচার করেন, এরা এটাকে মার্কেটিং করার সুযোগ পায়। আপনাদের অনুরোধ করবো, এ ঘটনাগুলো কখনো মার্কেটিং করবেন না।’

তিনি আরও বলেন, ‘আপনারাও চব্বিশের গণঅভ্যুত্থানের যোদ্ধা। আপনারা-আমরা এক সূত্রে গাঁথা। আপনারা নিষিদ্ধ লীগের যদি কোনও কর্মকাণ্ড প্রচার না করেন, তাহলে তাদের সাধ্য নাই বাংলাদেশের মানুষের মনে এক ফোঁটা ভয় তারা দেখাতে পারবে।’

ছাত্রদলের রাজপথে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আউয়াল বলেন, ‘আমাদের কর্মসূচি সবসময় একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের কর্মসূচি চলমান। ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকবে। আমরা অতীতেও রাজপথে ছিলাম, এখন আমরা পথে আছি।’

নিজেদের ব্যক্তিগত অবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের জীবনের কোনও উন্নতি হয় নাই। আপনি দেখেন, আমার টি-শার্টটা, এটা চব্বিশের গণঅভ্যুত্থানের, সেই গেঞ্জি পরে আসছি। আমাদের জীবনে কোনও পরিবর্তন নেই। যেই ঘড়ি পরি, ১০ বছর ধরে একই ঘড়ি পরি।’

শরীয়তপুরে সড়ক অবরোধের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা গাছ কেটে রাস্তা রাখছিল। ১৫ মিনিটের মধ্যে ছাত্রদল নেতৃবৃন্দ সে রাস্তা পরিষ্কার করে জনসাধারণের রাস্তা ক্লিয়ার করে দিছে।’

এ সময় দেশে আর অপরাজনীতি, চাঁদাবাজি ও রক্তপাতের রাজনীতি ফিরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম