• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান

প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৮
আপডেট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না। মঙ্গলবার সকালে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, “আজকে একটি জরিপের রিপোর্টে প্রশ্ন করা হয়েছিল—এ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পাবে? সেখানে শতকরা ৬৬ ভাগ উত্তরদাতা বলেছেন বিএনপি, আর ২৬ ভাগ বলেছেন জামায়াতে ইসলামী। পার্থক্য দাঁড়ায় ৪৪ শতাংশ। অন্যান্যরা তো আরও কম। অনেক উল্লেখযোগ্য দলও শতকরা এক ভাগও পায়নি। এই কারণে কেউ হতাশ হয়ে ষড়যন্ত্রের চেষ্টা করতেই পারে, কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে—তারা কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে এক দফা, আমরা সেটি অর্জন করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে—এখন বাকি অংশ বাস্তবায়নের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার।”

গত ১৫ বছর দেশে নিপীড়নকারী ও ফ্যাসিবাদী সরকার টিকে থাকলেও জনগণ শেষ পর্যন্ত তাদের উৎখাত করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, “এই জনগণ কোনো ষড়যন্ত্র হতে দেবে না। কোনো ষড়যন্ত্রই জনগণকে পরাজিত করতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “বড় বড় দালানকোঠা, এক্সপ্রেসওয়ে, ট্রেন—এসব উন্নয়ন আমরা দেখেছি। কিন্তু জনগণের ন্যূনতম চাহিদা অপূর্ণ রয়ে গেছে। বাংলাদেশে প্রতিবছর জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কোটিপতি তৈরি হলেও বিপরীতে লক্ষ লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে যায়। এই অবস্থা গ্রহণযোগ্য নয়—এটাকে উন্নয়ন বলা যায় না।”

একজন রাজনীতিবিদের বক্তব্য স্মরণ করে তিনি বলেন, “দেশে মানুষ যখন বেকার, উপার্জনহীন, দরিদ্র—তখন বড় বড় অট্টালিকা, রাস্তা, সেতু নির্মাণ হলো গোরস্থানে আলোকসজ্জা করার মতো। বাইরে আলো দেখালেও চারদিকে অন্ধকার—এটা উন্নয়ন না।”

“আমরা শুধু বলবো না—মানুষকে শিক্ষিত করবো, কর্মসংস্থান সৃষ্টি করবো, আয় বাড়াবো। কীভাবে করবো—তার পরিষ্কার পরিকল্পনা ‘দেশ গড়া পরিকল্পনা’ কর্মসূচিতে আছে। খানিক পরেই আপনারা তা শুনবেন,” বলেন নজরুল ইসলাম খান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘দেশ গড়া পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। জাতীয়তাবাদী ছাত্র দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম