• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে : মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৩:২৮
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৩:২৮

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঁশিয়ার করে বলেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর ভোটারবিহীন আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে।’

সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের মানুষ যখন গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা তখন ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেফতার, রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন ও কারান্তরীণ করা অব্যাহত রেখেছে। দেশের মানুষকে ব্যক্তিগত কিংবা সামাজিক অনুষ্ঠানেও বাধা দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘নেত্রকোনাসহ দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বাড়িতে প্রতিনিয়ত তল্লাশীর নামে হয়রানি করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- দেশটা এখন আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি হয়ে গেছে। বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধী দলশূন্য করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর চক্রান্তে লিপ্ত। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দল, এই দলটিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতেই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে কারারুদ্ধ করার মাধ্যমে লক্ষ্য বাস্তবায়নে নিরন্তর অপচেষ্টা চালানো হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কর্তৃত্ববাদী সরকার এখন বুঝে গেছে যে তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। আর এ কারণেই তারা এখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে মরণকামড় দিতে বেপরোয়া হয়ে উঠেছে। সরকারের রাজনৈতিক প্রতিহিংসাবশত বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তবে বিএনপি নেতাকর্মীদের ওপর ভোটারবিহীন আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে।’

মুন্সীগঞ্জ জেলাধীন সাবেক শ্রীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম, বিএনপি নেতা জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন ও আনসার আলী, আওলাদ হোসেনসহ ৫৩ জনকে ঢাকায় একটি সামাজিক অনুষ্ঠান থেকে এবং নেত্রকোনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আয়নাল হককে বাড়ি থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে গ্রেফতারকৃত উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম