• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর

প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫৭
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫৭

 

পাবনা প্রতিনিধি

পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সাংসদ শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৬ জানুয়ারি) বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচার মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এর আগে বিকেল চারটার দিকে তাকে কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয়। সেখানে শামসুল হক টুকুর জামিন আবেদন জানান তার পক্ষের আইনজীবিরা। উভয়পক্ষের শুনানী শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

প্রসঙ্গত, বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার মির্জা আব্দুল হামিদের ছেলে ব্যবসায়ী মির্জা মেহেদি হাসান বাদি হয়ে ২০২৪ সালের ৬ নভেম্বর পাবনার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন, টুকুর ছেলে সাবেক পৌর মেয়র আসিফ শামস রঞ্জন সহ ১১ জনকে আসামি করা হয়। এছাড়াও মামলার ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার এজাহারে বাদি মির্জা মেহেদি হাসান অভিযোগ করেন, ২০১৪ সালের ৬ মে অভিযুক্ত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ অন্যরা ব্যবসায়ী মির্জা মেহেদি হাসানের মার্কেট, জমি দখল করে তার কাছে চাঁদাবাজি করেছিলেন। এছাড়া ৫ আগস্টে দেশে পট পরিবর্তনের পরে গত বছরের ১০ ও ১২ সেপ্টেম্বর টুকুর দোসররা একইভাবে চাঁদাদাবিসহ ওই জমিতে যেতে দেননি মেহেদি হাসানকে। এসব ঘটনায় তাঁর অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়। পরে আদালত মামলাটি আমলে নিয়ে বেড়া থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেড়া থানার সহকারি পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, ’তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে গত বছরের ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে।’

টুকুর আইনজীবি ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম বলেন, ’বাদি যে তারিখ ও সময় উল্লেখ করে মামলা করেছেন, দেখা গেছে সেই সময় শামসুল হক টুকু সেনাবাহিনীর কাস্টডিতে ছিলেন এবং পরবর্তীতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। অতএব এটি একটি ভিত্তিহীন মামলা। যার প্রাথমিক সত্যতা নাই। অসত্য ঘটনাকে অবলম্বন করে শুধুমাত্র তাকে হয়রানি করার জন্য মামলাটি দায়ের করা হয়েছে।’

আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শামসুল হক টুকু বলেন, ‘আল্লাহ যেখানে রাখে ভালই রাখে। আপনারা ভাল থাকেন। দেশ ভাল থাকুক। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ুক। পাবনাবাসী ভাল থাকুক।’

এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার গাড়ির ওপর জুতা ও ডিম নিক্ষেপ করেন এবং টুকুর বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম