শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় বেতন স্কেলে ১১তম গ্রেড, বিভাগীয় পদোন্নতি ও হয়রানিমূলক বদলি-মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে দাবির সঙ্গে ৬ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এ সময় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতিনির্ধারণী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। গত বছরের ৮ থেকে ১০ নভেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারের কর্মসূচিতে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটা করা হয়। অসুস্থ অবস্থায় ফাতেমা নামের একজন শিক্ষিকা মৃত্যুবরণ করেন। হামলায় প্রায় দুই শতাধিক সহকারী শিক্ষক গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নেন। এ সময় সরকারের উচ্চপর্যায় থেকে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এরপরও দাবি মানা হয়নি।
তারা বলেন, ‘এই সংবাদ সম্মেলন আমাদের কর্মসূচির প্রাথমিক সূচনা।’ পরবর্তী কর্মসূচি অনুযায়ী আগামী ৮ নভেম্বর কালো ব্যাচ ধারণ করবেন প্রাথমিক শিক্ষকরা। এদিন প্রয়াত শিক্ষক ফাতেমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন শিক্ষকরা। আগামী ১৭ ডিসেম্বর বিভাগীয় কমিশনারদের কাছে শিক্ষক প্রতিনিধিরা স্মারকলিপি পেশ করবেন। চলতি বছরের ডিসেম্বরে রাজধানীতে মহাসমাবেশ আয়োজন করা হবে। এরপরও দাবি আদায় না হলে অবস্থান ও অনশন কর্মসূচিতে বসবেন শিক্ষকরা।













