নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভাইবোন লিমা পারভীন (২৬) ও হোসেন আলী (২৪) মারা যান। এর আগে দুর্ঘটনার দিন রাতেই মারা যান লিমার স্বামী শাহীন আলম (৩০)।
নিহত লিমা পারভীন ও হোসেন আলী নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঙালিপুর নিজপাড়া এলাকার তৌসির উদ্দিনের সন্তান। সৈয়দপুরে অবস্থানরত তাদের বড় ভাই স্বপন আলী ও মামা মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানান।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লিমা পারভীন এবং সকাল ১০টার দিকে তার ছোট ভাই হোসেন আলী মারা যান। এর আগে দুর্ঘটনার দিন দিবাগত রাতে মারা যান লিমা পারভীনের স্বামী শাহীন আলম (৩০), যিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তারা ফতুল্লার একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন এবং একই ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ ও স্বজনরা জানায়, গত শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকার সরদারবাড়ি মসজিদসংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। অনেকের ধারণা, রাতে গ্যাস লাইনের লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে গিয়েছিল।
ভোরে রান্নার জন্য লিমা পারভীন দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এতে ফ্ল্যাটে বসবাসকারিরা দগ্ধ হন এবং আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছিলেন। কিন্তু এতে উন্নতি না হয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২৭ নভেম্বর সকালে লাশ সৈয়দপুরের নিয়ে এলে শোকের মাতম বইতে শুরু করে। গ্যাসে পুড়িয়ে যাওয়া ভাই বোনকে দেখতে ভীড় করতে থাকে সৈয়দপুর সবুজ সংঘ মাঠ এলাকায়। বাদ জোহর তাদের নামাজে জানাজা আদায় করা হবে এবং শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভাই বোন ও জামাইয়ের মৃত্যুর সত্যতা স্বীকার করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা।













