শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ডিসেম্বর সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। এ লক্ষ্যে পাঁচ কেন্দ্রীয় নেতাকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি তৃণমূলে সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে এই টিমকে। বিশেষ করে ডিসেম্বর সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখা এবং কেন্দ্রের সঙ্গে তৃণমূলের যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় টিমের সদস্যরা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন টিমের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্য সচিব, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।












