• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিএনপি নেতার ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল নেতার

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৮:০৫
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৮:০৫

বিএনপি নেতার ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল নেতার
 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরের ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়।

রবিবার (১ নভেম্বর) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে টিপু মাদবরের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এ হুঁশিয়ারি দেন আমান মাদবর। এ সময় তার পাশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর। বক্তব্যের একপর্যায়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরকে উদ্দেশ করে তিনি হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। যেখানে তাকে বলতে শোনা যায়, হুইপ অপু ভাইকে নিয়ে কটুক্তি করায় আমরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছি এবং ওসব কুলাঙ্গারকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে আমরা সড়ক ব্যারিকেড করেছি। জেলা বিএনপি নেতৃবৃন্দ আমাদের রোড ব্লকেডটি উঠিয়ে নিতে বলেছে। তারা আমাদের আশ্বস্ত করেছে দুই এক দিনের মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করবে এবং গ্রেপ্তার করা হবে। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল মিয়া নুরুউদ্দিন অপু ভাইয়ের বিরুদ্ধে কোনোরকম ষড়যন্ত্র হলে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে দেশের সরকারের ভাবমূর্তি নষ্ট করলে সে যেই হোক, যত বড় শক্তিশালী হোক, তার ঘাড় থেকে মাথা সরিয়ে দেব এবং তাকে এই শরীয়তপুর থেকে অবাঞ্চিত করব। আমরা কোনভাবেই এই কুলাঙ্গারদের বরদাস্ত করব না।

তার বক্তব্যের এ অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

জানা যায়, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে গত ২৮ অক্টোবর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির পর জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে ১ নভেম্বর সকালে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

পরে শহরের প্রধান সড়ক অবরোধ করে তারা টিপু মাদবরের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর কাছে স্মারকলিপিও দেন।

এদিকে, টিপু মাদবরকে উদ্দেশ করে আমান মাদবরের দেওয়া হুঁশিয়ারিমূলক বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের পাশাপাশি প্রকাশ্যে এমন হুমকির ঘটনায় উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে।

গতকাল সোমবার রাতে কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা শরীয়তপুর মহাসড়কের পাশে স্থাপনের দাবীতে স্থানীয়দের নিয়ে এক উঠান বৈঠকে টিপু মাদবরকে বলতে শোনা যায়, বিভিন্ন জায়গায় আমার ছবি বানাইয়া পুইড়া ফালাইতাছে, আমার ঘাড় নামাইয়া দিবো বক্তিতা দিতাছে। অথচ গত ১৭ বছর টিপু না থাকলে শরীয়তপুর শহরে কেউ মিছিল নামাইতে সাহস পায় নাই। ১৮ সালে পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীকালে শফিকুর রহমান কিরণ (২ আসনের সংসদ সদস্য), সাঈদ আহমেদ আসলাম (১ আসনের সংসদ সদস্য), কালু সরদারের (সাবেক ১ আসনের সংসদ সদস্য) বাড়িতে সেদিন সাঈদ আহমেদ আসলাম মারা যেত, শফিকুর রহমান কিরণ মারা যেতো, কালু সরদারের বাড়ি ঘর জ্বালিয়ে দিত। আমি টিপু সেদিন বুক বেঁধে মোকাবেলা করে তাদের বাঁচিয়েছি। আমার জীবনটা যুদ্ধে কেটেছে, কেউ আমাকে যুদ্ধের হুংকার দিবেন না। আমি চাই কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্র হবে এটাই আমাদের দাবী। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই।

বক্তব্যর বিষয়ে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ধরণের বক্তব্য দেইনি আপনারা ভালো করে শুনেন। যদিও একথা বলার সাথে সাথেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিষয়টি নিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, আমাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া ভিডিওটি আমি দেখেছি। আমি এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম