• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিদ্যুৎ খাতের লুটপাট ঢাকতে ইনডেমনিটি আইন পাস করা হয়েছিল: রিজভী

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:১২
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:১২

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
​বিগত সময়ে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে দেশজুড়ে নজিরবিহীন লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

​বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, এই ধরনের অনিয়ম ও দুর্নীতির জবাবদিহিতা এড়ানোর অসৎ উদ্দেশ্যে তখন ইনডেমনিটি আইন পর্যন্ত পাস করা হয়েছিল।

‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাবনা যাচাই ও লাইফলাইন সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক এই গণসংলাপ অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান দিয়ে হতদরিদ্র বা চরম দরিদ্রদের (Hardcore Poverty) নিখুঁতভাবে চিহ্নিত করার পদ্ধতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী।

কুড়িগ্রামের ধরলা বা ব্রহ্মপুত্রের চরাঞ্চলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের অনেক এলাকার মানুষ এখনো বিদ্যুতের ছোঁয়া থেকে বঞ্চিত।

আবার বস্তি বা প্রান্তিক জনপদে সাধারণ মানুষ কীভাবে একটিমাত্র বিদ্যুতের সংযোগ ও আলো ভাগাভাগি (শেয়ার) করে জীবনযাপন ও সন্তানদের পড়াশোনা চালিয়ে নেন, তা উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কেবল একরৈখিক পরিসংখ্যান দিয়ে প্রকৃত হতদরিদ্রদের জীবনমান পুরোপুরি পরিমাপ করা কঠিন।

​নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, অন্ধকার কেটে যাওয়ার সময় এসেছে। রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এখন বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।

আন্তর্জাতিক বিনিয়োগ ও বৈদেশিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন দেশের প্রতিনিধি দল ও আন্তর্জাতিক কোম্পানির বিনিয়োগের আগ্রহ এবং শীর্ষ পর্যায়ের বৈঠকে জ্বালানি নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সঠিক ও দেশপ্রেমিক উপায়ে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হলে দেশের জ্বালানি খাতের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​একটি গণতান্ত্রিক সমাজের মূল শর্ত হিসেবে জবাবদিহিতার ওপর জোর দিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রকৃত গণতান্ত্রিক সমাজে গণমাধ্যম থেকে শুরু করে প্রতিটি বিভাগকে জনগণের কাছে নানাভাবে জবাবদিহি করতে হয়। বিগত দিনে জবাবদিহিতার পথ বন্ধ করে একতরফা ও খামখেয়ালিভাবে জ্বালানি খাত পরিচালনা করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।

এতে মুখ্য আলোচক হিসেবে মূল্যবান তথ্য ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম।

এছাড়া সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া।

​ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবং বর্তমান কমিটির সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম