• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের আহ্বান এনডিপির

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৯
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৯

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের আহ্বান এনডিপির
 

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬:
মজলুম জননেতা, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের কিংবদন্তি নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

এ উপলক্ষে এক বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মওলানা ভাসানী ছিলেন শুধু বাংলাদেশের নয়, আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আজীবন মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, সাম্য, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ গঠনের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
তাঁরা বলেন, মওলানা ভাসানী ছিলেন মজলুম মানুষের অকৃত্রিম বন্ধু। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, অন্যায়-অত্যাচারী শাসন এবং শোষকগোষ্ঠীর বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর রাজনৈতিক জীবন, সাহসী নেতৃত্ব ও সংগ্রামী আদর্শ এ দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং জাতীয় মুক্তির সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের ভূ-প্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ, ঐতিহ্য ও সংস্কৃতির ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা ধরনের আগ্রাসন অব্যাহত রয়েছে। জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সময়ে মওলানা ভাসানী প্রদর্শিত সংগ্রামী পথ ও আদর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাথেয়। যুগে যুগে তিনি শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থাকবেন।
বিবৃতিতে তাঁরা বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার সুরক্ষায় মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে অন্যায়, বৈষম্য, শোষণ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
এনডিপির নেতৃবৃন্দ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে যথাযথ মর্যাদায় পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণকে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই হবে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন। তাঁর দেশপ্রেম, সাহস, ত্যাগ ও সংগ্রামী চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম